‘জনগণের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ’, শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে দিলজিৎ

দিল্লির যন্তরমন্তরে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে অবশেষে নিজের নীরবতা ভাঙলেন ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তাদের দাবি শান্তিপূর্ণভাবে মেনে নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর: নিউজ ১৮
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক নোটে দিলজিৎ লেখেন, ‘আজ ছাত্রদের সঙ্গে যা ঘটেছে তা মোটেও ঠিক হয়নি। তাদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। জনগণের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ।’ এরপর তিনি সরকারকে দেশের সন্তানদের উদ্বেগ মনোযোগ দিয়ে শুনে সমস্যার দ্রুত সমাধান করার অনুরোধ জানান।

এর আগে এই আন্দোলনে সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে তিনি নিজেকে ‘রাজনীতিবিদ নয়, শিল্পী’ বলে মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এর ব্যাখায় তিনি জানান, পূর্বে কৃষক আন্দোলনকে সমর্থন করার পর তাকে ‘দেশদ্রোহী’ বলা হয়েছিল এবং নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল। এমনকি স্পষ্ট কণ্ঠে কথা বলার কারণে তাকে এমন সব আইনি জটিলতায় জড়াতে হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি জানেন, এবারও মুখ খোলার কারণে তাকে আবারও একই ধরনের তকমা দেওয়া হতে পারে।
.png)





