logo

মেয়ের জন্যই রামের ভূমিকায় রণবীর কাপুর

মেয়ের জন্যই রামের ভূমিকায় রণবীর কাপুর

একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডে শক্ত অবস্থান করে নিয়েছেন রণবীর কাপুর। বিশেষ করে ‘অ্যানিমেল’-এ তার দুর্দান্ত অভিনয় সাড়া ফেলে নির্মাতা মহলে। এরই ধারাবাহিকতায় বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমা ‘রামায়ণ’-এ নাম লেখান। এখন সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত রণবীর কাপুর। আর চমক হিসেবে আজ (২ এপ্রিল) প্রকাশ হয়েছে রামরূপী রণবীরের প্রথম লুক।

‘অ্যানিমেল’-এ হিংস্র চরিত্র থেকে ‘রামায়ণ’-এ কীভাবে নিজেকে বড় পর্দায় রাম হিসেবে হাজির করবেন রণবীর—দর্শক অপেক্ষায় আছেন তা দেখতে। রাম হয়ে ওঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেতে হয়েছে রণবীরকে। মজার ব্যাপার, প্রথমে তিনি ‘রাম’ হতে চাননি। ছবির প্রস্তাব প্রথমে ফিরিয়ে দেন তিনি। পরে মেয়ে রাহার জন্যই নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নিজেকে হাজির করেন রাম-রূপে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নীতিশ তিওয়ারি পরিচালিত বিশাল বাজেটের এ সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০০ কোটি রুপি খরচ করা হয়েছে। রাম চরিত্রে নিজেকে পরিপূর্ণভাবে উপস্থাপনের জন্য সাত্ত্বিক জীবনযাপন বেছে নিতে হয় রণবীরকে। রণবীরের কথায়, ‘প্রথমে আমি চরিত্রটি করার জন্য প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল, চরিত্রটির সঙ্গে ন্যায়বিচার করতে পারব না।’ ঠিক সেই সময়ে, জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেন আলিয়া ভাট ও রণবীর। বাবার দায়িত্ব আসে তার কাঁধে। তখনই রণবীর সিদ্ধান্ত নেন চরিত্রটি করবেন। তার মতে, ‘ভগবান রামের চরিত্রে অভিনয় করা এবং বাবা হওয়ার এই মধুর কাকতালীয় ঘটনাটি আমার জীবনের মোড় ঘোরানোর ক্ষেত্রে দরকার ছিল। মেয়ের কারণেই এই পরিবর্তন এসেছে অভিনেতার জীবনে। সে কারণে মেয়ে রাহার প্রতি কৃতজ্ঞ।

হনুমান জয়ন্তীতে আজ (২ এপ্রিল) প্রকাশ পায় সিনেমাটির প্রথম ঝলক। টিজার দেখেই বোঝা যায়, দুই পর্বের এই মহাযজ্ঞ শুধু একটি সিনেমাই নয়, ভারতীয় পুরাণকে গ্লোবাল স্কেলে ফের একবার তৈরির সাহসী চেষ্টা। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রকাশিত এই ঝলক স্পষ্ট করে দিল, ‘রামায়ণ’ শুধু ভারতীয় দর্শকের জন্য নয়, এটা আন্তর্জাতিক দর্শকদেরও লক্ষ্য করে তৈরি। যারা ছোটবেলা থেকে রাম-কথা শুনে বড় হয়েছেন, তাদের কাছে এটি নস্টালজিয়ার নতুন ভাষা।

এই সিনেমার আরেকটি বড় আকর্ষণ—রণবীর কাপুর বনাম যশ। একদিকে রাম—ধর্ম, সংযম ও নৈতিকতার প্রতীক। অন্যদিকে রাবণ—অসীম জ্ঞান ও শক্তির অধিকারী; কিন্তু অহংকারে অন্ধ। যশের রাবণ শুধু খলনায়ক নয়। তিনি জটিল, শক্তিশালী এবং ভয়ংকরভাবে মানবিক। এই দ্বন্দ্বই ছবির মূল চালিকাশক্তি।