‘বুলেটপ্রুফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে খুনের হুমকি দিয়েছে খালিস্তানপন্থি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়ে আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে মুম্বইয়ে অমিতাভের বাসভবন ‘জলসা’-র সামনে জমায়েতের ডাক দিয়েছেন। সেখানে ‘খালিস্তান জালসা’ আয়োজন ও প্রতিবাদের জন্য ১১ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। খবর: দ্য ইকোনমিক টাইমস
সম্প্রতি অমিতাভের ‘বেঁচে গেলাম’ পোস্টের প্রেক্ষিতে পান্নুন বার্তা দিয়েছেন, ‘বাচ গয়ে ইয়া ফাঁস গয়ে’ (বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?)। এ ছাড়া হুমকিবার্তায় বলা হয়েছে, ‘বুলেটপ্রুফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই, মুম্বইয়ে আমাদের ২০০ লোক প্রস্ত।’ এ সময় শুধু অমিতাভ বচ্চনকে নয়, তার ছেলে অভিষেক বচ্চনকেও জীবননাশের হুমকি দেওয়া হয়।
১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর অমিতাভ টেলিভিশনে ‘রক্তের বদলে রক্ত’ স্লোগান দিয়ে ৩০ হাজার শিখের মৃত্যুতে প্ররোচনা দিয়েছিলেন—এমন পুরনো অভিযোগ তুলেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই বিতর্কের জেরেই আগে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝও হুমকির মুখে পড়েছিলেন। যদিও অমিতাভ বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ২০১১ সালে ‘আকাল তখত’-কে চিঠি দিয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।
