কে হতে যাচ্ছেন নতুন জেমস বন্ড

বন্ড, জেমস বন্ড—হলিউড সিনেমায় একটি আবেগের নাম। বিশ্বের যে কোনো প্রান্তেই যাওয়া হোক না কেন, রয়েল নেভি কমান্ডার জেমস বন্ডের ভক্ত খুঁজে পেতে কষ্ট করতে হবে না এতটুকু। কোড নেম জিরো জিরো সেভেন চরিত্রে দর্শক মাতানো ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর কেটে গেছে দীর্ঘ পাঁচটি বছর। রুপালি পর্দায় নতুন বন্ড হিসেবে কাকে দেখা যাবে—এ নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই। বন্ড ফ্র্যাঞ্চাইজির স্বত্ব এখন অ্যামাজনের হাতে। পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভ ও চিত্রনাট্যের জন্য স্টিভেন নাইটকে যুক্ত করায় ফ্র্যাঞ্চাইজিটি এক নতুন যুগে প্রবেশ করেছে। বিখ্যাত ম্যাগাজিন ‘জিকিউ’সহ বিভিন্ন মাধ্যমে ঘুরছে কয়েকজন অভিনেতার নাম। জনপ্রিয়তা ও জিকিউ র্যাংকিং অনুসারে, এ মুহূর্তে বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য তারকাদের নিয়েই এবারের আয়োজন।
১. বাজিকরদের সেরা পছন্দ ক্যালাম টার্নার

হলিউডের পরবর্তী জেমস বন্ড হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ খ্যাত ৩৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই সুদর্শন অভিনেতা বুকমেকার বা বাজিকরদের তালিকায় গত ছয় মাস ধরে তিনি শীর্ষে রয়েছেন। তার মধ্যে বন্ড হওয়ার মতো পর্যাপ্ত ক্যারিশমা ও অভিনয় দক্ষতা রয়েছে। তা ছাড়া পপ তারকা দুয়া লিপার সঙ্গে তার সম্পর্কও তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে। অতিপরিচিত কোনো সুপারস্টার না হওয়ায় বন্ডের চরিত্রে তিনি দারুণ মানিয়ে যাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২. হ্যারিস ডিকিনসন: মার্জিত ও পরিশীলিত

২৮ বছর বয়সী ব্রিটিশ এই তরুণ অভিনেতা এরই মধ্যে ‘দ্য কিংসম্যান’ সিনেমায় নিজের গুপ্তচরবৃত্তির যোগ্যতা প্রমাণ করেছেন। ছোট কিংবা বড় পর্দার, শৈল্পিক কিংবা বাণিজ্যিক—সব ঘরানার সিনেমাতেই তার দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে। বয়স কিছুটা কম হলেও অ্যামাজন যদি তরুণ বন্ডের খোঁজ করে, তবে ডিকিনসন হতে পারেন অন্যতম সেরা বিকল্প। কারণ তরুণ হলেও বন্ড চরিত্রে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখার জন্য পালমে ডি’অর জয়ী এই তারকার বিকল্প কমই।
৩. জ্যাকব এলর্ডিকে নিয়ে জোর গুঞ্জন

অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি বর্তমানে হলিউড অঙ্গনে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। ‘ইউফোরিয়া’ ও ‘সল্টবার্ন’ দিয়ে বাজিমাত করার পর, ফ্রাঙ্কেনস্টাইন চলচ্চিত্রের জন্য তিনি ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়নও পেয়েছেন। স্যুট পরার চমৎকার ধরন এবং রাজকীয় ব্যক্তিত্ব তাকে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের দৌড়ে শামিল করেছে। জ্যাকবের অস্ট্রেলিয়ান জাতীয়তা এবং স্বাধীন ধারার চলচ্চিত্রে কাজের ব্যস্ততা বন্ড হওয়ার পথে সামান্য বাধা হতে পারে।
৪. অ্যারন টেলর-জনসন: অ্যাকশন জগতের পরীক্ষিত মুখ

‘কিক-অ্যাস’, ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘বুলেট ট্রেন’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয়ের কারণে অ্যাকশন তারকা হিসেবে অ্যারন টেলর-জনসনের বেশ সুনাম রয়েছে। গুজব উঠেছিল, প্রযোজক বারবারা ব্রকলি তাকে আনুষ্ঠানিকভাবে বন্ডের চরিত্রটির প্রস্তাব দিয়েছিলেন। তবে বয়স ৩০ পার হয়ে যাওয়ায় প্রযোজকদের তরুণ বন্ড খোঁজার নীতির সঙ্গে তার সমীকরণ কতটা মিলবে, তা দেখার বিষয়।
৫. চিরচেনা বন্ড অবয়বে হেনরি ক্যাভিল

চওড়া কাঁধ আর নীল চোখের হেনরি ক্যাভিল বিশ্বজুড়ে পরিচিত সুপারম্যান হিসেবে। ‘সুপারম্যান’ সিনেমায় তার অভিনয় যারাই দেখেছেন, তাদের সবাই একবাক্যে রাজি হয়ে যাবেন জেমস বন্ড হিসেবে তাকে দেখতে। ২০০৫ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি সামান্যর জন্য বাদ পড়েছিলেন কম বয়সের কারণে। তবে এখন তিনি পরিণত। যদিও ‘সুপারম্যান’ বা ‘দ্য উইচার’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজির তকমা থাকায় বন্ড হিসেবে তাকে কাস্ট করার সম্ভাবনা কিছুটা কম।
৬. টম হল্যান্ডের সম্ভাবনাও কম নয়

‘স্পাইডারম্যান’ খ্যাত টম হল্যান্ড নিজেই বিখ্যাত জেমস বন্ড হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বন্ডের নতুন প্রযোজক অ্যামি প্যাসকেলের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। বেশ কয়েকটি কাজ এই জুটি উপহার দিয়েছে। তবে টম হল্যান্ডের কিশোরসুলভ ইমেজ এবং ‘স্পাইডারম্যান ৪’ ও ক্রিস্টোফার নোলানের আগামী ছবির ব্যস্ততার কারণে তার শিডিউল পাওয়া কঠিন হতে পারে।