সামান্থার সাফল্যে নয়নতারার মিষ্টি বার্তা

দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা আর ‘পুষ্পা গার্ল’ সামান্থা রুথ প্রভুর সম্পর্ক অনেক দিন ধরেই শীতল। বিভিন্ন সময় তাদের মধ্যে দূরত্ব দেখা যায়। এবার সেই শীতল সম্পর্ককে দূরে ঠেলে সামান্থার সিনেমার সাফল্য ও দুর্দান্ত অভিনয়ের জন্য শুভেচ্ছা জানালেন নয়নতারা।
দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় জমকালো প্রত্যাবর্তন করলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার নতুন অ্যাকশন-কমেডি সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ২৫ কোটি টাকার বেশি আয় করেছে সিনেমাটি।
সামান্থার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লেডি সুপারস্টার নয়নতারা। ইনস্টাগ্রামে সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘তোমার জন্য অনেক আনন্দিত স্যাম। তুমি সব ভালোবাসা ও সাফল্যের যোগ্য। পুরো টিমকে অনেক অভিনন্দন।’ জবাবে সামান্থাও তাকে ‘ডার্লিং নয়ন’ বলে কৃতজ্ঞতা জানান।
দর্শকদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোট শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘সিনেমাটির এমন চমৎকার সূচনা আমাদের বিনম্র করেছে। দর্শক এখন সিনেমাটি পুরুষ-প্রধান নাকি নারী-প্রধান তা না দেখে আপন করে নিচ্ছেন, এটি সত্যিই দারুণ। সবচেয়ে আনন্দের বিষয় হলো, প্রথম দিনে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতদিন শুনে এসেছি, সিনেমা হলের ওপেনিং শুধু পুরুষ দর্শকদের ওপর নির্ভর করে; কিন্তু এবার ধারণা বদলে গেছে।’
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে (রোববার) ভারতে সিনেমাটির মোট আয় ১০.১০ কোটি টাকা, যা শনিবারের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। তিন দিনে ভারতে মোট কালেকশন দাঁড়িয়েছে ২৩.১০ কোটি টাকা এবং গ্রস আয় ২৬.৬৯ কোটি টাকা। রোববার ভারতজুড়ে ২ হাজার ৯৬৫টি শো প্রদর্শিত হয়েছে সিনেমাটির।






