আগুনের বৃত্তে দাঁড়িয়ে শুটিং, মুহূর্তেই পোশাকে আগুন সঞ্জনার

শুটিংয়ের দৃশ্যে আগুন ব্যবহার করা হচ্ছিল। সেই আগুনের মাঝেই দাঁড়িয়ে ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পান্ডে। হঠাৎ বাতাসের গতি বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা পৌঁছে যায় অভিনেত্রীর শরীরে। আগুন ধরে যায় তার পরনের পোশাকে। তবে শুটিং ইউনিটের তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে সঞ্জনা পান্ডের পরবর্তী সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে। ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে ছবিটির শুটিং চলছে। কয়েক দিন আগে একটি দৃশ্যের শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে আগুনের মধ্যে অভিনেত্রীকে বিপাকে পড়তে দেখা যায়।
জানা গেছে, ‘ভূতনি কা বদলা’র একটি দৃশ্যে আগুনের মধ্যে দাঁড়ানোর কথা ছিল সঞ্জনার। এ জন্য নির্ধারিত পদ্ধতি মেনে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু শুটিংয়ের সময় হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়। এতে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে আগুনের শিখা আচমকাই অভিনেত্রীর দিকে চলে আসে।
সঞ্জনা জানান, পরিস্থিতি এত দ্রুত বদলে যায় যে কিছু বুঝে ওঠার আগেই তার পোশাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে শুটিং সেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ইউনিটের কলাকুশলীরা দ্রুত এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তাদের তৎপরতায় সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় অভিনেত্রীকে। ঘটনায় সঞ্জনা কোনো গুরুতর আঘাত পাননি। শুটিং ইউনিটের অন্য কারও আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ঘটনার ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে আগুনের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছেন সঞ্জনা। চারপাশে জ্বলছিল আগুন। হঠাৎ বাতাস বেড়ে গেলে আগুনের শিখা আরও তীব্র হয়ে তার দিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তার শাড়িতেও আগুন ধরে যায়। চারপাশে তৈরি হয় কালো ধোঁয়া। পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে আগুনের মধ্য থেকে বের করে আনেন। ধোঁয়ার কারণে পরে তাকে কাশতেও দেখা যায়।
দুর্ঘটনার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে সঞ্জনা বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই তার পোশাকে আগুন ধরে যায়। তবে ইউনিটের সদস্যরা সঙ্গে সঙ্গে পানি দিয়ে আগুন নিভিয়ে দেন। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান অভিনেত্রী।
এদিকে ‘ভূতনি কা বদলা’ সিনেমাটি নিয়ে আশাবাদী সঞ্জনা। তার ভাষ্য, ছবিটিতে বিনোদনের পাশাপাশি রোমাঞ্চ ও রহস্যও থাকবে। গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যের শুটিং করছেন তারা।
দুর্ঘটনার পরও ছবির শুটিং নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে পুরো ইউনিট। তবে আগুনের মধ্যে অভিনেত্রীর পোশাকে আগুন ধরে যাওয়ার দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে ভোজপুরি সিনেমার দর্শকদের মধ্যে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া