logo

সামান্থা ও নয়নতারার সঙ্গে জুটি সালমান খানের

সামান্থা ও নয়নতারার সঙ্গে জুটি সালমান খানের

ভক্তরা যখন বলিউড ভাইজানের ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে অধীর হয়ে আছেন, তখনই তাদের জন্য এলো সুখবর। এবার সালমান খানের দুটি আলাদা সিনেমায় পর্দা ভাগ করতে যাচ্ছেন সাউথ ইন্ডাস্ট্রির দুই হেভিওয়েট তারকা নয়নতারা ও সামান্থা রুথ প্রভু।

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় চিত্রাঙ্গদা সিং প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। এর পরই শুরু হবে তেলেগু পরিচালক বংশী পাইদিপল্লি এবং দিল রাজু প্রযোজিত একটি সিনেমার কাজ। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এতে মূল নায়িকা হিসেবে কাজ করবেন। প্রকল্পটি এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, সালমান খান নিজের ক্যারিয়ারের শেষ লগ্নে এসে বিখ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকের সঙ্গে একটি সুপারহিরো ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মিথ্রি মুভি মেকার্সের অ্যাকশন-সমৃদ্ধ বিনোদনমূলক ওই সিনেমায় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে সালমানের সঙ্গে রোমান্স করতে।

সিয়াসাত ডেইলির খবর, হাসপাতালে ভর্তি বাবা সেলিম খান ও আসন্ন সিনেমা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন ‘টাইগার’ সালমান। বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা তেমন একটা দর্শকপ্রিয়তা পায়নি। তবে পরবর্তী সিনেমাগুলো নিয়ে সালমান কিছুটা রোমাঞ্চিত, একই সঙ্গে আশাবাদীও। এরই মধ্যে আসন্ন প্রকল্পগুলোর লাইনআপ প্রায় চূড়ান্ত হয়েছে।

সামান্থার সঙ্গে রিল লাইফ এন্টারটেইনমেন্টের সহযোগিতায় মিথ্রি মুভি মেকার্সের সুপারহিরো সিনেমাটির নাম চূড়ান্ত না হলেও এ বছরের নভেম্বরে নির্মাণ শুরু হবে।

দক্ষিণী তারকা সুন্দরীদের সঙ্গে সালমান খান খুব বেশি সিনেমা করেননি। এর আগে শাহরুখ খান নয়নতারার সঙ্গে জুটি বেঁধে বক্স অফিস কাঁপিয়েছেন। এবার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে পর্দায় সালমানের জুটি কেমন হবে—এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন।