স্বামীর প্রতি পরির সমর্থন অটুট

অভিনেত্রী পরিণীতি চোপড়া। মা হওয়ার পর অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও সংসার জীবন নিয়েই এখন তার ব্যস্ততা। স্বামী ও সন্তানকে ঘিরেই কাটছে দারুণ সময়। সেই সুখের মুহূর্তের কিছু ঝলক তিনি নিয়মিত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে সামাজিকমাধ্যমে। খবর: পিঙ্কভিলা
অভিনয় ক্যারিয়ারের ব্যস্ত সময়েই ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের লীলা প্যালেসে আম আদমি পার্টির (এএপি) সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি। বিয়ের পর থেকেই স্বামীর পাশে দৃঢ়ভাবে অবস্থান করছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মধ্যেও যে তার সমর্থন অটুট, তা আবারও প্রমাণ করলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এএপি নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সংসদীয় বক্তৃতার একটি ভিডিও শেয়ার করেন পরিণীতি। ভিডিও ক্লিপে রাঘবকে রাজ্যসভার সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। প্রিয় মানুষটির এমন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে পরিণীতি যেন জানান দিলেন স্বামীর প্রতিটি পদক্ষেপে তিনি গর্বিত সঙ্গী। বলিউড ও রাজনীতির দুই ভিন্ন অঙ্গনের এই তারকা দম্পতি বিয়ের পর থেকেই আলোচনায়। তবে স্বামীর প্রতি পরিণীতির প্রকাশ্য সমর্থন নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে রাঘবের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে রাজ্যসভায় চলচ্চিত্র পাইরেসি নিয়ে উদ্বেগ তোলায় রাঘবকে ‘স্টার’ বলে উল্লেখ করেছিলেন পরিণীতি। এতে স্পষ্ট, পেশাগত পরিচয়ের বাইরে গিয়েও একে অন্যের সাফল্যে তারা সমানভাবে গর্ববোধ করেন।
তাদের সম্পর্কের আরেকটি মিষ্টি দিক ধরা পড়ে সামাজিকমাধ্যমে। কোনো ইনফ্লুয়েন্সার রাঘবকে ‘হ্যান্ডসাম’ বলে মন্তব্য করলে পরিণীতির হাস্যরসাত্মক ইমোজি ও সম্মতিসূচক প্রতিক্রিয়া নেটিজেনদের নজর কাড়ে। গম্ভীর রাজনৈতিক আবহের পাশাপাশিও তাই তাদের সম্পর্কে থাকে ভালোবাসা, উষ্ণতা আর প্রাণবন্ত রসায়ন।
সেপ্টেম্বর ২০২৩-এ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে একসঙ্গে নতুন পথচলা শুরু করেন পরিণীতি ও রাঘব। অক্টোবর ২০২৫-এ তাদের পুত্রসন্তানের আগমন সেই যাত্রায় যোগ করেছে নতুন আনন্দ, নতুন দায়িত্বের অধ্যায়। অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে ২০২৪ সালে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘অমর সিং চমকিলা’ সিনেমায়। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন দিলজিৎ দোসাঞ্জ।
অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও পরিণীতির জীবনের মঞ্চ এখন সমান আলোয় উজ্জ্বল—একদিকে পরিবার, অন্যদিকে প্রিয় মানুষের সাফল্যে অকুণ্ঠ সমর্থন। এ ছাড়া সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘তালাশ: এ মাদার্স সার্চ’। এটি পরিচালনা করেছেন রেনসিল ডি'সিলভা।