নিজের অবস্থান স্পষ্ট করলেন অনুরাগ

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইনকাণ্ডে নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার। সে তালিকায় উঠে আসে পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপের নামও। বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুললেন অনুরাগ।
মূলত এক আলোচনা সভা-সংক্রান্ত একটি আমন্ত্রণপত্রের ইমেইল ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। এ প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ জানান, বিষয়টি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে নিয়মিত বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পাই। মনে আছে, ওই ইমেইলটি কোনো এক মাসের মাঝামাঝি সময়ে এসেছিল। আমি সেটির কোনো উত্তর দিইনি। আর জীবনে কখনোই বেইজিং যাইনি।’
এপস্টেইন ফাইলে উল্লেখ করা ইমেইলে যে অনুষ্ঠানের কথা বলা হয়েছে, সেখানে অনুরাগ কাশ্যপ আদৌ উপস্থিত ছিলেন কি না—এ বিষয়ে কোনো তথ্য কখনোই সামনে আসেনি। ফলে অনুরাগের দেওয়া ব্যাখ্যাকে বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।
এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ ছাড়াও নন্দিতা দাস, ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের মতো বলিউড তারকাদের নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে অনুরাগ মুখ খুললেও ঐশ্বরিয়া, অভিষেক কিংবা নন্দিতা দাস—এখনো পর্যন্ত কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।