হাসির জোয়ারে দর্শক মাতাতে প্রস্তুত ‘ধামাল ৪’

জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’ আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ ও জাভেদ জাফরির মতো তারকাদের পাশাপাশি এবার এই ধামাকায় যোগ দিয়েছেন অভিনেত্রী সানজিদা শেখ। সম্প্রতি আরশাদ ও জাভেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
২০০৭ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় ও অশোক ঠাকেরিয়া প্রযোজনায় ‘ধামাল’ মুক্তির পরপরই সিনেমা অঙ্গনে ঝড় তোলে। নিখাদ বিনোদনে ভরা সিনেমাটিতে সঞ্জয় দত্তসহ অনেকেই পর্দা মাতান। ২০১১ সালে সিক্যুয়েল ‘ডাবল ধামাকা’ ও ২০১৯ সালে ‘টোটাল ধামাকা’ নামের দুটি সিক্যুয়েল মুক্তি পায়। এবার দর্শক মাতাতে আসেছে এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি।
কমেডি-অ্যাকশন ‘ধামাল ৪’-এ বোকা দুই ভাই আদি (আরশাদ) ও মানব (জাভেদ)-এর গুপ্তধন খোঁজার মজার অভিযানে যুক্ত হবে সানজিদার চরিত্রটি। সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজিতে নামি তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সানজিদা নিজের অভিব্যক্তি প্রকাশ্যেই শেয়ার করেন। তিনি বলেন, ‘আদি-মানবের জুটি সবচেয়ে ডায়নামিক, তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি কেউ ভাঙতে পারবে না। তাদের এই পাগলামির দুনিয়ায় আমার চরিত্রের প্রবেশ পুরো বিষয়টিকে আরও জমজমাট ও বিশৃঙ্খল করে তুলেছে।’ সূত্র: সিনেএক্সপ্রেস
ইন্দ্র কুমার পরিচালিত এবং গুলশান কুমার ও টি-সিরিজ পরিবেশিত ‘ধামাল ৪’ দর্শকদের একটি নিখাদ বিনোদনমূলক রোলার-কোস্টার রাইড উপহার দিতে প্রস্তুত। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলারে দেখা গেছে, অজয় দেবগন তার প্রেমিকার বাচ্চাদের মন জয়ের চেষ্টা করছেন, আর রিতেশ দেশমুখ নিজের প্রেমিকাকে নিয়ে পড়েছেন মধুর বিপত্তিতে।
এবারের মূল গল্পও আবর্তিত হয়েছে গুপ্তধন খোঁজার চিরচেনা মিশনকে কেন্দ্র করে। জল, স্থল ও আকাশপথের সেই রোমাঞ্চকর ও হট্টগোলে ভরা যাত্রায় এবার যুক্ত হয়েছে রবি কিষাণের নেতৃত্বাধীন এক জলদস্যু দল।
‘ধামাল’-এর চতুর্থ কিস্তিতে অজয়, আরশাদ, রিতেশ ও জাভেদ ছাড়াও সঞ্জয় মিশ্র, এশা গুপ্তা, অঞ্জলি আনন্দ ও বিজয় পাটকরের মতো একঝাঁক শক্তিশালী তারকা অভিনয় করেছেন। সব মিলিয়ে প্রেক্ষাগৃহে হাসির জোয়ার আনতে পুরোপুরি প্রস্তুত ‘ধামাল’ টিম।






