তাকে অতীত হিসেবে মানতে চাই না: মীর

ভারতীয় সিনেদুনিয়াকে, বিশেষ করে টলিউডকে শোকস্তব্ধ করে শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার হৃদয়বিদারক মৃত্যুতে শোকস্তব্ধ ও হতবাক সিনেমা অঙ্গন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। যদিও শেষ পর্যন্ত আর অভিনেতাকে বাঁচানো যায়নি।
প্রিয় অভিনেতার এমন অকালে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না তার সহকর্মীরা। সেই কাতারে আছেন মীর আফসার আলী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাহুলকে নিয়ে নিজের স্মৃতি ও আক্ষেপের কথা সরাসরি জানিয়েছেন তিনি।
মীর জানান, নিয়মিত কাজের সুবাদে রাহুলের সঙ্গে তার প্রায়ই দেখা হতো। ২০০০ সালের দিকে অভিনয়ে আসা রাহুলের ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই রাহুল ও প্রিয়াঙ্কা জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। মীর বলেন আগে থেকেই আমরা টুকটাক জানতাম অভিনেতা হিসেবে রাহুলের ক্ষমতা কতটা।
রাহুলের পডকাস্ট ‘সহজ কথা’-এর প্রথম সারির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর। সেখানে অংশ নেওয়ার বিনিময়ে রাহুলের কাছে একটি আবদার করেছিলেন তিনি। মীর সরাসরি বলেন আমি রাহুলকে বলেছিলাম তোমার লেখা একটি গল্প আমাকে দিতে হবে যা আমি আগে মানুষকে শোনাব এবং তারপর তুমি সেটি বই আকারে ছাপবে।
রাহুল অত্যন্ত স্পষ্টভাষী ও দারুণ একজন লেখক ছিলেন—সে কথাও স্মরণ করে মীর বলেন, গল্প দেওয়ার বিষয়ে তাদের অনেক দূর কথাও এগিয়েছিল। কিন্তু সেই গল্প আর পাঠানো হয়নি। আক্ষেপ নিয়ে মীর বলেন, গল্প পাঠানোর আগেই সে চলে গেল এবং আমি এখনো ঘোরের মধ্যে আছি; তাই তাকে অতীত হিসেবে মানতে চাই না।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ব্যক্তিজীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তবে ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন এই দম্পতি, পরে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।
অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবেও নিজেকে উপস্থাপন করেছিলেন রাহুল। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।