ফের বিষ্ণোই গ্যাংয়ের হামলার শিকার কপিল শর্মা

জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ওপর আবারও নেমে এসেছে আতঙ্কের কালো মেঘ। কানাডায় কপিলের ‘ক্যাপস ক্যাফে’র একদম কাছে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ক্যাফের ঢিল ছোড়া দূরত্বে একটি ক্যাফেতে গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। আর একই সঙ্গে কপিল শর্মাকেও দিয়েছে প্রাণনাশের হুমকি।
ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরের চাই সুট্টা বার ক্যাফেতে, কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’র ঠিক পাশেই অবস্থিত। গুলিবর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কপিলের ক্যাফের সঙ্গে সংযুক্ত বলেই বিষ্ণোই গ্যাং ফের হামলা চালিয়েছে। গুলিবর্ষণ ও হুমকির এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কপিল শর্মা। সামাজিকমাধ্যমে এই ঘটনার একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
‘টাইসন বিষ্ণোই জোরা সিন্ধু’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গুলি চালানোর দায় স্বীকার করা হয়েছে। একটি পোস্টের মাধ্যমে বিষ্ণোই গ্যাং কপিলকে হুমকি দিয়ে বলেছে, তিনি যদি তাদের নির্দেশ মেনে না চলেন তাহলে ওই রেস্তোরাঁর মতোই পরিণতি হবে। সূত্র: সংবাদ প্রতিদিন
২০২৫ সালের ১০ জুলাই প্রথমবার আক্রমণের শিকার হন কপিল। ক্যাফে উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই আচমকা গুলিবর্ষণ করা হয়। একই বছরের ৭ আগস্ট ফের ওই ক্যাফেতে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। চার মাসের ব্যবধানে তৃতীয়বার ক্যাফেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় সব ঘটনার জন্য লরেন্স বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করে।