মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার উন্মোচন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত ‘মাইকেল’ আসছে পর্দায়। কিংবদন্তি এই গায়কের বায়োপিকের কাজ এগিয়ে চলছে। ভাইপো জাফর জ্যাকসন এই সিনেমায় কিংবদন্তি চাচার চরিত্রে অভিনয় করছেন। গত রোববার প্রকাশ পেল এই সিনেমার নতুন পোস্টার। পোস্টার প্রকাশের পরপরই তুমুল আগ্রহ দেখা দেয় সিনেমা ও সংগীতপ্রেমীদের মধ্যে।
জানা গেছে, পোস্টারে মাইকেল জ্যাকসনের লুক বেছে নেওয়া হয়েছে তার আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে। যেখানে হুবহু মাইকেলের মতোই দেখা যাচ্ছে জাফর জ্যাকসনকে। মনে হয়, ইনিই যেন আসল মাইকেল জ্যাকসন।
প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সংগীতশিল্পী মাইকেল এমটিভিতে ব্যাপক জনপ্রিয়তা পান। বলা হয়, তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই এমটিভি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল। বাস্তব জীবনে বর্ণাঢ্য জীবনযাপন করতেন মাইকেল জ্যাকসন। তার জীবন নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তদের সেই কৌতূহল মেটাতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেট। সংগীতজগতের এই কিংবদন্তির বায়োপিক পরিচালনা করবেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা গল্প তুলে ধরা হবে। একই সঙ্গে থাকবে তার বিখ্যাত কিছু পারফরম্যান্সও। গত নভেম্বরে প্রকাশ পায় লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এই সিনেমার টিজার। আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে মাইকেল।
শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনিই মূলত উঠে আসবে সিনেমায়। তার মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তার অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা—সবই চিত্রায়িত হবে।
এ ছাড়া মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকও উঠে আসবে সিনেমাটিতে। ২০০৯ সালের ২৫ জুন মৃত্যুবরণ করেন একাধারে সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী—বহুগুণে গুণান্বিত এই কিংবদন্তি।