রণবীর-আদিত্যকে লিয়ারিতে আমন্ত্রণ পাকিস্তানিদের

আর মাত্র দুদিন পরই বলিউডে পর্দা কাঁপাতে আসেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এরই মধ্যে প্রি-বুকিংয়ে একের পর এক রেকর্ড গড়ে শোরগোল ফেলে দিয়েছে আসন্ন সিনেমাটি। বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল দর্শকদের জন্য কী নিয়ে হাজির হচ্ছে—তা নিয়ে উন্মাদনা চরমে। আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত স্পাই-অ্যাকশন থ্রিলারটি নিয়ে শুধু ভারতই নয়, পাকিস্তানেও দেখা দিয়েছে উত্তেজনা। পাকিস্তানের লিয়ারি থেকে সে দেশের দর্শকরা রণবীর সিং ও আদিত্য ধরের কাছে সাহসী ভিডিও বার্তা পাঠাচ্ছে। যেসব ভাইরাল ভিডিওতে ধুরন্ধর টিমকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হচ্ছে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সহিংসতা ও টানাপোড়েনের ঘটনায় নির্মিত ‘ধুরন্ধর’ ভারতে বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। তবে পাকিস্তানসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশে এটি নিষিদ্ধ করা হয়। সে সময় ওটিটিতে মুক্তির ফলে আলোচনা ও বিতর্ক সীমান্ত পেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দর্শকরা অবমাননা এবং করাচির লিয়ারির মতো জনপ্রিয় স্থানগুলোর সিনেমাটিক চিত্রায়ণ সম্পর্কে নিন্দা জানান।
সিনেমাটির প্রথম অংশ এত অমোচনীয় প্রভাব ফেলেছে যে, সিক্যুয়েল নিয়ে দর্শকদের আকাশচুম্বী প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। তবে রণবীরের প্রতিশোধের গল্পটি নিয়ে পাকিস্তানি দর্শকদের মধ্যে রয়েছে বৈপরীত্য। কেউ কেউ ধুরন্ধর কাস্টকে সরাসরি লিয়ারিকে বাস্তবে দেখতে আমন্ত্রণ জানান। এক পাকিস্তানি তো বলেই ফেলেন, ‘লিয়ারি তেমন না, যেমনটা ভারত ফিল্মে দেখায়।’ আরেক দর্শক বলেন, ‘আমরা ওদের দেখাতে চাই লিয়ারির অলিগলি; আর বলতে চাই রেহমান ডাকাতের গল্প।’
উল্লেখ্য, অক্ষয় খান্না রেহমান ডাকাতের ভূমিকায় অনবদ্য অভিনয় করে নজর কাড়েন। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ পাকিস্তান-ভারত যত উত্তেজনাই হোক না কেন, এটি সমালোচক ও ভক্তদের হৃদয় জয় করেছিল। সিনেমাটির মনোমুগ্ধকর গল্প হোক বা অনবদ্য অভিনয়—সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ যদি সব রেকর্ড ভেঙে দেয়, তাতে আশ্চর্যের কিছু নেই।