মেয়েকে জাপান দেখাতে তর সইছে না রণবীরের

আগামী ১৩ ফেব্রুয়ারি জাপানে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের সাড়া জাগানো ‘অ্যানিমেল’। জাপানে গিয়ে সিনেমার প্রিমিয়ার উদ্বোধনের কথা রয়েছে বলে জানা যায়। সেজন্য মেয়ে রাহাকে নিয়ে জাপান ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। রণবীর বলেন, ‘রাহাকে জাপান দেখানোর জন্য আমি অপেক্ষা করতে পারছি না।’
জাপান সম্পর্কে মুগ্ধতা প্রকাশ করে রণবীর কাপুর জানান, জাপানের সঙ্গে তার একটি দৃঢ় সংযোগ রয়েছে। এই বন্ধনের কৃতিত্ব তিনি তার প্রয়াত দাদা রাজ কাপুরকে দেন। বলেন, ‘আমার দাদার বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি হলো ‘মেরা জুতা হ্যায় জাপানি’।’ এ সময় তিনি মেয়ে রাহাকে নিয়ে জাপান ঘোরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।
২০২৩ সালে চারদিকে শোরগোল ফেলে দেয় রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। ভায়োলেন্স-রোমান্সপূর্ণ ‘অ্যানিমেল’ একের পর এক বলিউড রেকর্ড ভেঙেছে সিনেমাটি। রণবীরের সাবলীল অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকরাও। জাপানে ‘অ্যানিমেল’ মুক্তির আগে, অভিনেতা ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা একটি অনলাইন প্রেস মিটে অংশ নেন। সেখানে জাপান সফর ও ‘অ্যানিমেল পার্ক’ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রথম অংশের ব্যাপক সাফল্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। আর রণবীর নিজেও দ্বিতীয় পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’-এ দ্বৈত ভূমিকায় অভিনয়ের জন্য উচ্ছ্বসিত। রণবিজয় ও তার চাচাতো ভাই আজিজের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমি সন্দীপের সঙ্গে সেটে ফিরে এসে এই চরিত্রগুলোতে অভিনয় করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সন্দীপ ও আমি বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করি।’ ‘অ্যানিমেল পার্ক’ ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ফ্লোরে যাবে বলে আশা করা হচ্ছে।