logo

‘শব্দে আসক্ত এই পৃথিবীতে শান্ত থাকা এক অসাধারণ সুপারপাওয়ার’

‘শব্দে আসক্ত এই পৃথিবীতে শান্ত থাকা এক অসাধারণ সুপারপাওয়ার’

মাতৃত্বের পর এখনও কাজে ফেরেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরমধ্যে বিগ বিগ প্রোজেক্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন নিজের নাম। সব শেষ এমি পুরস্কারজয়ী এইচবিওর সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ তাকে নিয়ে শিরোনাম হয়েছে। এতেও অভিনয় করা হচ্ছে না তার। এবার বিষয়গুলো নিয়ে প্রতিক্রিয়া জানালেন এই অভিনেত্রী। খবর পিঙ্কভিলার  

দীপিকা প্রথমে ‘স্প্রিট’ এবং পরে ‘কল্কি ২৮৯৮ এডি-পার্ট ২’ থেকে সরে দাঁড়ান। এরপর এইচবিওর সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’–এ অডিশন প্রক্রিয়ায় অংশ নিতে অনীহার কারণ দেখিয়ে প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন।

এই আলোচনার মাঝেই ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নোট শেয়ার করেন দীপিকা। সেখানে তিনি বিশৃঙ্খলার মাঝেও শান্ত ও স্থির থাকার বার্তা দেন। তার পোস্টে লেখা ছিল, ‘শান্ত হয়ে ওঠাই সবচেয়ে বড় শক্তির প্রকাশ। যে কেউ দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে। কিন্তু প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায়, যখন বিশৃঙ্খলার মধ্যেও আপনি ভেঙে পড়েন না এবং আবেগি না হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করেন।’

তিনি আরও লেখেন, ‘শান্ত থাকা দুর্বলতা নয়, এটি দক্ষতা। সবকিছুর জবাব দেওয়া বা প্রমাণ করার প্রয়োজন নেই। শব্দে আসক্ত এই পৃথিবীতে শান্ত থাকা এক অসাধারণ সুপারপাওয়ার।’ তার এই বার্তাকে অনেকেই সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

এর আগে দীপিকা চলচ্চিত্র শিল্পে ৮ ঘণ্টার কাজের শিফটের দাবি এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে বক্তব্য দিয়েছিলেন, যা নিয়েও আলোচনা হয়।

বর্তমানে দীপিকার হাতে আছে  তেলুগু প্রজেক্ট ‘এএটুটুক্সএসিক্স’। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি কুমার এবং তার বিপরীতে অভিনয় করবেন আল্লু অর্জুন।