logo
Advertisement

ওটিটিতে আমির খানের ‘সিতারে জামিন পার’

ওটিটিতে আমির খানের ‘সিতারে জামিন পার’

বড় পর্দায় মুক্তির নয় মাস পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘সিতারে জামিন পার’। মিস্টার পারফেকশনিস্ট আমির খানের এই সিনেমার দুটি কিস্তিই দর্শক-সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়। আগামী ৩ এপ্রিল সনি লিভ-এ মুক্তি পাবে সিনেমাটি।

গত বছরের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর আমির খান স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তিতে আপত্তি জানান। সে সময় তিনি ইউটিউবে পে-পার-ভিউ মডেল বেছে নিয়েছিলেন। পরে বলিউড তারকা আমির খান তার অবস্থান পরিবর্তন করেন। সব জল্পনা উড়িয়ে এবার আর এস প্রসন্ন পরিচালিত 'সিতারে জামিন পার' ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত।

একজন হতাশাবাদী বাস্কেটবল কোচ গুলশানের (আমির খান) গল্প। যেখানে ফিজিক্যাল ডিজঅ্যাবেল কয়েক তরুণ খেলোয়াড়ের একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই কোচকে নিযুক্ত করা হয় আদালত থেকে। অনেক উদ্যমী ও প্রেরণামূলক প্রশিক্ষণের পর সেই দলকে সফলতার শীর্ষে পৌঁছে দেন কোচ। 

এর আগে কথা ওঠে, আমির খান চান না, তার সিনেমা ওটিটিতে আসুক। তবে সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি আমির খান জানান, সিনেমাটি ওটিটিতে মুক্তি সবসময়ই তার পরিকল্পনার অংশ ছিল; কিন্তু তিনি চাননি প্রেক্ষাগৃহে আসার পরপরই মুক্তি পাক।

‘সিতারে জামিন পার’-এ আমির খানের সহযোগী চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা। সিনেমাটি বক্স অফিসে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং ২৫০ কোটি টাকারও বেশি আয় করেছিল।