সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

এবারের অস্কারে আলোচনায় থাকা ‘সিনার্স’-কে হটিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। গত রোববার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সিনেমাটি আসরের সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পাশাপাশি পল থমাস অ্যান্ডারসন নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্যের অস্কার জিতে এক অনন্য রেকর্ড গড়েছেন।
এবারের আসরে ভ্যাম্পায়ার ঘরানার হরর মুভি ‘সিনার্স’ সর্বকালের সব রেকর্ড ভেঙে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩টি বিভাগে মনোনয়ন পায়। পাশাপাশি ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ৯টি করে মনোনয়ন পেয়ে আলোচনায় ছিল।
তবে ইতিহাস গড়া রায়াইন কুগলারের ‘সিনার্স’ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেলেও মূল বিভাগে পিছিয়ে পড়েছে। শেষ মুহূর্তে দর্শকদের রায়ে পিছিয়ে পড়ে সিনার্স।
সেরা সিনেমার পুরস্কার গ্রহণের সময় মঞ্চে সিনেমার অভিনয়শিল্পী তেয়ানা টেলর ও চেজ ইনফিনিটির উচ্ছ্বাসে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পুরস্কার জেতার পর পরিচালক পল থমাস অ্যান্ডারসন বিনয়ের স্বাক্ষর রেখে ১৯৭৫ সালের কালজয়ী সব সিনেমার উদাহরণ টেনে বলেন, সে বছর মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোনটি সেরা তা বলা কঠিন ছিল, কারণ প্রতিটি কাজই ছিল অনন্য।
মনোনয়ন ঘোষণার শুরু থেকেই ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি শুরু থেকেই অস্কারের দৌড়ে এগিয়ে ছিল। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও একজন বিপ্লবীর ভূমিকায় অনবদ্য অভিনয় করেন। তার নিখুঁত অভিনয় এবং সিনেমাটির শৈল্পিক বুনন দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।