logo

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন পরীমণি 

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন পরীমণি 

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের মতো ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।

রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। 

ভালোবেসে ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয় পরীমণি ও শরিফুল রাজের। তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয় ২০২৩ সালের শেষের দিকে।

 বিবাহবিচ্ছেদের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে থামেনি আলোচনা। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কি ভেঙে গিয়েছিল এই সম্পর্ক—এমন প্রশ্ন বারবারই উঠে এসেছে। অবশেষে দীর্ঘদিনের সেই কৌতূহলের পর্দা সরালেন পরীমণি। 

সম্প্রতি এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন পরীমণি। সেখানে বিচ্ছেদের কারণ নিয়ে করা প্রশ্নে এই নায়িকা অকপট কথা বলেন। তিনি বলেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়, কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটেছে।

সংসার টিকিয়ে রাখার চেষ্টা রাজের ছিল কি না জানতে চাইলে পরীমণি বলেন, চেষ্টা যে করতে হয় এটাই তো জানে না সে। বা কারও চেষ্টাকে সমর্থন জানাতে হয় সেটাও তো জানে না।

পরীমণি ও রাজকে নিয়ে বিনোদন জগতে ভুল খবর ছড়িয়ে গেছে জানিয়ে পরীমণি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাপার ছড়িয়েছে যে আমার জন্য সে বাচ্চার খোঁজ নিতে পারছে না, এটা ভুল। আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক, কাউকে না বলেই বুঝুক যে তার সন্তান আছে এবং সে সেই দায়িত্ব নিজে উপলব্ধি করুক।

প্রসঙ্গত, নির্মাতা শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে ২০১৫ সালে বড় পর্দায় পা রাখেন পরীমণি। চলচ্চিত্রের আগে এই নায়িকা নাটকেও অভিনয় করেছেন। 

সবশেষ পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছিল। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ নামের দুই সিনেমা।