logo
Advertisement

রাত ২টার কলে যেভাবে শুরু দেব-শুভশ্রীর নতুন যাত্রা

এশিয়া পোস্ট বিনোদন
রাত ২টার কলে যেভাবে শুরু দেব-শুভশ্রীর নতুন যাত্রা
দেব ও শুভশ্রী। ছবি: সংগৃহীত

একসময় প্রেমের সম্পর্কে ছিলেন টালিউডের জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে তৈরি হয় দূরত্ব। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তারা। এবার সেই জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’-এর শুটিংও শেষ হয়েছে। আর এই সিনেমার পথচলার শুরু কীভাবে হয়েছিল, সেই অজানা গল্পই এবার সামনে আনলেন দেব।

Advertisement

‘দেশু ৭’-এর শুটিং শেষের আয়োজনের এক অনুষ্ঠানে দেব জানান, সিনেমাটির যাত্রা শুরু হয়েছিল একটি ফোনকলের মধ্য দিয়ে। সময়টা ছিল ৩১ ডিসেম্বরের রাত। তখন তার কাছে শুভশ্রীর ফোন নম্বর ছিল না। তাই নিজের সহকারী সায়ন্তনের কাছ থেকে শুভশ্রীর নম্বর নেন তিনি।

দেব জানান, এত রাতে শুভশ্রীর নম্বর চাওয়ায় সায়ন্তনও কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন। পরে নম্বর পাওয়ার পর রাত ২টার দিকে শুভশ্রীকে ফোন করেন দেব।

সেই রাতের কথা স্মরণ করে দেব বলেন, ‘তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে।’

দেবের কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন। পরিস্থিতি সামলে অভিনেতা মজা করে বলেন, তিনি কাউকে ইঙ্গিত করে কিছু বলছেন না। ‘দাদাগিরি’ করতে গিয়ে তার বাংলা আগের চেয়ে অনেকটা শুদ্ধ হয়েছে বলেও রসিকতা করেন তিনি।

একসময় দেব-শুভশ্রী জুটি ছিল টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত সম্পর্কের ইতি টানার পর দীর্ঘ সময় আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

প্রায় এক দশকের বিরতির পর ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’র মাধ্যমে ফের বড়পর্দায় একসঙ্গে আসেন দেব ও শুভশ্রী। সিনেমাটি ঘিরে তাদের পুরোনো রসায়ন নিয়ে দর্শকের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়।

‘ধূমকেতু’র পর আবারও জুটি বেঁধেছেন তারা। নতুন সিনেমা ‘দেশু ৭’-এ অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব। সিনেমাটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।

‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার পর দেবকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন শুভশ্রী। একই সময়ে ক্যারিয়ার শুরু করলেও এবার দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা যে তার কাছে একেবারেই আলাদা, সেটি জানিয়েছেন অভিনেত্রী।

পরিচালক হিসেবে দেবের কাজের প্রশংসা করে শুভশ্রী বলেন, তার পরিচালনার স্বচ্ছ ধারণা দেখে তিনি অবাক হয়েছেন। সিনেমার নির্মাণ, চিত্রনাট্য ও চরিত্র নিয়ে কাজ করার পাশাপাশি একসঙ্গে এত কিছু সামলানোর দক্ষতাও তাকে মুগ্ধ করেছে।

‘দেশু ৭’ নিয়ে ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির পোস্টার, শুটিংয়ের ছবি ও বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দেব-শুভশ্রী ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। চলতি বছরের পূজায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন, আজ তাক বাংলা।

রাত ২টার কলে যেভাবে শুরু দেব-শুভশ্রীর নতুন যাত্রা