logo

সিঙ্গেল আছি ভালো আছি, এতেই আমি খুশি: দীঘি

সিঙ্গেল আছি ভালো আছি, এতেই আমি খুশি: দীঘি
dighi

খুব ছোটবেলায় জনপ্রিয় মোবাইল বিজ্ঞাপন হলো ‘ময়না পাখি’ দিয়েই বিনোদন ভুবনে যাত্রা শুরু মডেল-অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সেই দীঘি এখন ২২ বছরের এক প্রাণবন্ত-উচ্ছল তরুণী। বিনোদন ভুবনে তারকাদের নিয়ে নানা রকম প্রেম-বিচ্ছেদের গল্প ভেসে বেড়ায়। কিন্তু সেলিব্রিটি হওয়ার পরও এখনো সিঙ্গেল ‘ময়না পাখির গল্প’-এর সেই দীঘি। আর এভাবে একাকী থেকেই তিনি সুখী বলে জানান এই মডেল-অভিনেত্রী।ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে হাজির হন এই মডেল-অভিনেত্রী। উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে প্রাণবন্ত এক আড্ডায় ক্যারিয়ারসহ ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার কথা তুলে ধরেন দীঘি।

অনুষ্ঠানের ‘না বলা কথা’ অংশে উপস্থাপিকার প্রশ্ন ছিল, ‘তুমি কি প্রেম করছো? নাকি এখনো সিঙ্গেল।’ উত্তরে খুবই সাবলীলভাবে দীঘি বলেন, ‘না, আমি এখনো সিঙ্গেল। হ্যাপিলি সিঙ্গেল।’

এখনো প্রেম হয়নি আর সিঙ্গেল বলে মন কি খারাপ—এমন প্রশ্নে দীঘি হেসে বলেন, এভাবে অনেক বেশি ভালো আছি। সময় হলেই বিয়ে করব অথবা মিঙ্গেল হবো, তার আগে সিঙ্গেলই থাকতে চাই।

শিশুকালেই দীঘি তার মিষ্টি আর সাবলীল অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেন। একটিমাত্র বিজ্ঞাপন তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এটি বাংলা বিজ্ঞাপন ইতিহাসের অন্যতম আইকন হিসেবে বিবেচিত। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দিয়ে সিনেমায় পদার্পণ তার। এর মাধ্যমে দীঘি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। তবে শাকিব খানের ‘চাচ্চু’ সিনেমার পর কিছুটা বিরতিতে যান। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।