ক্যারিয়ারের সবচেয়ে আবেদনময়ী চরিত্রে কৃতি শ্যানন

শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার সঙ্গে পরবর্তী সিনেমা ‘ককটেল ২’-এর জন্য প্রস্তুত কৃতি শ্যানন। নির্মাতারা এরই মধ্যে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। এ বছরের ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই কমেডি রোমান্স সিনেমা।
আসন্ন সিনেমার চরিত্রটি কৃতি শ্যাননের সবচেয়ে আবেদনময়ী বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এখানে আকর্ষণীয় নতুন অবতারে তিনি দর্শকদের চমকে চান। বিশেষ সেই চরিত্রটিকে সম্পর্কে মুখ খুলেছেন ‘পরম সুন্দরী’ কৃতি শ্যানন।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে চরিত্র সম্পর্কে কৃতি শ্যানন কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আগের যে কোনো সময়ের চেয়ে এখানে অনেক আলাদা দেখাচ্ছে এবং এটি সম্ভবত আমার করা এখন পর্যন্ত সবচেয়ে আবেদনময়ী চরিত্র।’ পরিচালক হোমি আদাজানিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘আমার মনে হয়, তিনি (হোমি) আমার মধ্যে এমন একটি কুল দিক তুলে ধরেছেন, যা আমার নিজেরও জানা ছিল না।’
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ব্লকবাস্টার হয়। এখনও সিনেমাটি জনপ্রিয়। সেই দর্শকপ্রিয়তার রেশ ধরেই ১৪ বছর পর আসছে সিক্যুয়েল। এবার একদমই ভিন্ন মাত্রায় বড় পর্দায় ফিরছে ত্রিভুজ প্রেমের সেই স্মৃতি।