এ আর রহমান-রামচরণের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রজতভের মুগ্ধতা

দুইশর বেশি সিনেমায় করেছেন অভিনয়। কয়েকটি ভাষায় আছে কাজের অভিজ্ঞতা। জাত অভিনেতা বলতে যা বোঝায়, সব গুণই রয়েছে তার মধ্যে। তাইতো দেশ-বিদেশের নির্মাতাদের কাছে তিনি একজন আস্থার নাম। সে আস্থা থেকেই কলকাতার শক্তিশালী অভিনেতা রজতভ দত্তর ডাক আসে দক্ষিণ ভারতীয় তেলেগু ইন্ডাস্ট্রি থেকে। অভিনয় করার সুযোগ পান ভারতীয় সিনেমার মহাতারকাদের সঙ্গে।
দক্ষিণী সুপারস্টার রামচরণের বহুল কাঙ্ক্ষিত গ্রামীণ ক্রীড়াভিত্তিক ড্রামা ‘পেদ্দি পহেলওয়ান’-এ অভিনয় করেছেন রজতভ। ভারতীয় গণমাধ্যম ডিকেন ডট ক্রনিকেল-এর তথ্য অনুযায়ী, সিনেমাটির নির্মাণে খরচ হয়েছে ৩০০ কোটি রুপি। এর আগে এত বড় বাজেটের সিনেমায় অভিনয় করেননি কলকাতার এই অভিনেতা।
মহাতারকাদের সঙ্গে শুটিং সেট শেয়ার ও কাজের অভিজ্ঞতা জানিয়ে সম্প্রতি একটি পডকাস্টে রজতভ বলেন, ‘আমি এর আগে অনেক ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছি। এবারই প্রথমবার তেলেগু সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। সরচেয়ে বড় বিষয়, এমন লার্জ স্কেলের সিনেমায় আমি কখনো কাজ করিনি। সেটে একসঙ্গে পাঁচশর বেশি আর্টিস্ট কাজ করছে, ক্রু মিলিয়ে আরও দুইশ। সবাই যার যার কাজ করছে, খাওয়া-দাওয়া করছে, নিজেদের মতো করে রিহার্সেল করছে। একসঙ্গে এত লোক থাকা সত্ত্বেও নেই কোনো বিশৃঙ্খলা। রামচরণের মতো সুপারস্টার শুটিংয়ের ফাঁকে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। এ এক ভিন্ন অভিজ্ঞতা। আমি বলিউডে কাজ করেছি, এ ছাড়া আরও কয়েকটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এমন স্বাধীনভাবে এর আগে কখনো কাজ করিনি। তাদের নির্মাণের ধরনই আলাদা এবং এখানের প্রতিটি আর্টিস্ট দায়িত্বশীল।’
এরপর সিনেমায় এর আর রহমানের সংগীত ও রামচরণের উপস্থিতি নিয়ে রজতভ বলেন, ‘একজন কিংবদন্তি, আরেকজন ইন্ডাস্ট্রির বড় তারকা। কিন্তু কাজের সময় দুজনই ভয়ংকর ডেডিকেটেড। যার জন্যই আজ তাদের অবস্থান এত ওপরে। তারা সবসময় নিজেরা ভালো করার পাশাপাশি অ্যনদের কাজেও সহযোগিতা করনে। তাই পুরো ইউনিটি একটি টিম হয়ে কাজ করে সবাই যার যার সেরাটি দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। তাদের এমন সহযোগিতা সবাইকেই কাজে উজ্জীবিত করে।’
সিনেমাটি ৩০ এপ্রিল পর্দায় আসার কথা থাকলেও কিছুটা জটিলতায় পেছাতে পারে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। নির্মাতারা সরাসরি না বললেও মূলত আইপিএলের উন্মাদনার মধ্যে সিনেমাটি মুক্তি দিতে চান না সংশ্লিষ্টরা।
এরই মধ্যে সিনেমার গান ও টিজারসহ বেশ কিছু ফুটেজ প্রকাশ পেয়েছে। টিজার আর ভিডিওতে রামচরণের লুক দেখে সিনেমাটি নিয়ে উন্মাদনা বেড়েছে কয়েক গুণ। ‘চিকিরি চিকিরি’ এবং ‘রাই রাই রা রা’ গান দুটিও চার্টবাস্টার হয়ে ওঠে এবং বেশ কয়েক সপ্তাহ জনপ্রিয়তার শীর্ষে ছিল। সিনেমায় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।
বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ আশির দশকের অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা। সিনেমাটির গল্প একজন গ্রামবাসীকে কেন্দ্র করে, যিনি খেলাধুলার মাধ্যমে তার সম্প্রদায়কে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রিত করেন। রামচরণের বিপরীতে সিনেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে।