logo

অনুরাগীদের জন্য মন্তব্যের ঘর সীমিত করে দিলেন মেহজাবীন চৌধুরী

অনুরাগীদের জন্য মন্তব্যের ঘর সীমিত করে দিলেন মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের কাজ, ব্যক্তিজীবনের দারুণ মুহূর্তসহ ভ্রমণের ছবি-ভিডিও শেয়ার করতে পছন্দ করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ফেসবুক-ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে ১ কোটি ৬০ লাখের কাছাকাছি অনুরাগী। এর মধ্যে ফেসবুকে ১ কোটি এবং ইনস্টায় ৫৮ লাখ। যারা নিয়মিত তার পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করার সুযোগ পান। এবার বিশাল এই অনুরাগীদের জন্য ফেসবুকে মন্তব্যের ঘর সীমিত করে দিলেন মেহজাবীন। চাইলে এখন আর তার পোস্টে সবাই কমেন্ট করতে পারছে না।

মেহজাবীনের সবশেষ দুটি পোস্টে এমনটি দেখা গেছে। এর মধ্যে একটি পোস্ট তিনি গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিয়েছিলেন। যেখানে তাকে নিয়ে একটি আপত্তিকর ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়লে ব্যথিত হন এই অভিনেত্রী এবং প্রশ্ন তোলেন সমাজের বিভিন্ন ধরনের মানুষের মানসিকতা ও সচেতনতা নিয়ে। ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন পড়া সেই পোস্টটির মন্তব্যের ঘরও বন্ধ করে রাখেন এই অভিনেত্রী। সবশেষ আজ সন্ধ্যায় মেহজাবীন কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। তবে তার পোস্টে মন্তব্য করতে পারবেন সীমিতসংখ্যক অনুরাগী।

পোস্টের লোকেশন দেখে নিশ্চিত হওয়া যায়, মেহজাবীনের ছবি-ভিডিও ব্যাংকক, থাইল্যান্ডে তোলা। সেখানে তার সঙ্গে স্বামী আদনান আল রাজীবকেও দেখা যায়। দুজনে দ্য উইকেন্ডের কনসার্ট উপভোগ করেন।