সুন্দর দেখাতে ফিল্টার ব্যবহার করেন অনন্যা

এশিয়া পোস্ট বিনোদন
সুন্দর দেখাতে ফিল্টার ব্যবহার করেন অনন্যা
বলিউড তারকা অনন্যা পান্ডের কাছে সৌন্দর্য মানে নিজের স্বাভাবিক রূপকে গ্রহণ করা। ছবি: সংগৃহীত


কৈশোর থেকেই চেহারা ও শারীরিক অবয়ব নিয়ে নানা রকমের কটাক্ষ শুনতে হয়েছে বলিউড ডিভা অনন্যা পান্ডেকে। এমনও শুনতে হয়েছে, শারীরিক আকৃতি আকর্ষণীয় দেখাতে শরীরের কিছু জায়গায় অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। এমনকি সুন্দর দেখাতে ফিল্টারও ব্যবহার করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

Advertisement

বর্তমানের গ্ল্যামার দুনিয়ায় যেখানে সৌন্দর্যের সংজ্ঞা রাতারাতি বদলে যায় এবং সোশ্যাল মিডিয়ার ফিল্টার বাস্তব ও নিখুঁততার মধ্যখানের দাগটিকে আবছা করে দেয়, সেখানে তারকাদের ওপর সবসময় সুন্দর দেখানোর একটা বাড়তি চাপ থাকে। অনেক অভিনেত্রী কসমেটিক সার্জারি বা অন্য কিছুর আশ্রয় নেন। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের কাছে অবশ্য সৌন্দর্য মানে ট্রেন্ডের পেছনে ছোটা নয়; বরং নিজের স্বাভাবিক রূপকে গ্রহণ করা। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘অ্যামাজন ডট ইন বিউটিভার্স ২০২৬’ ইভেন্টে এক সাক্ষাৎকারে নিজের রূপচর্চা, সোশ্যাল মিডিয়া এবং সিনেমা হলের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন ই ‘কল মি বে’ খ্যাত তারকা। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

সাক্ষাৎকারে অনন্যা অকপটে স্বীকার করেন, তিনি অন্ধভাবে কোনো ট্রেন্ড বা ফ্যাশন অনুসরণ করেন না। তিনি বলেন, ‘আমি এমন কেউ নই যে ট্রেন্ডের পেছনে ছুটবে। ইন্টারনেটে সার্চ না করলে আমি জানতেই পারি না, এখন কী ট্রেন্ড চলছে। আমি শুধু সেটাই করি, যা আমার সঙ্গে মানানসই।’ সোশ্যাল মিডিয়ার ফিল্টার প্রসঙ্গেও তিনি তার অতীত ব্যবহারের কথা স্বীকার করে তরুণ প্রজন্মকে নিজেদের আসল রূপকে ভালোবাসার বার্তা দেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কেসরি চ্যাপ্টার ২’ এবং ‘চান্দ মেরা দিল’ সিনেমাগুলোয় অনন্যার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে ক্যারিয়ারের উত্থান-পতনকে পাশ কাটিয়ে বড় পর্দার ম্যাজিকেই আস্থা রাখছেন এই অভিনেত্রী।