logo

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের বন্ধনে মিমি চক্রবর্তী

দীর্ঘদিনের প্রেমের পর বিয়ের বন্ধনে মিমি চক্রবর্তী
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়ে গড়াল টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় ঘরোয়া আয়োজনে বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিনেত্রী। তার জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন, কাজ করেন নৌপরিবহন খাতে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কলকাতার কসবার নিজস্ব বাসায় বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এতে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং মিমির ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। দুই পরিবারের উপস্থিতিতে আংটি বদলের পাশাপাশি আইনি বিয়ের নিবন্ধনও সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Advertisement

অনুষ্ঠানে টালিউডের ঘনিষ্ঠজনদের মধ্যে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের উপস্থিতির কথাও জানা গেছে। বিয়ের আয়োজন ঘিরে প্রকাশিত ছবিতে বন্ধু ও হবু জীবনসঙ্গীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা গেছে মিমিকে। তবে নিজের বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

কলকাতার আনুষ্ঠানিকতার পর বিয়ের মূল আয়োজন হবে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী ৫ ডিসেম্বর থেকে সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাহাড়ের পরিবেশে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের উৎসব করবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আসর। সেখানে টালিউডের বন্ধু, সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।

মিমির বিয়ে নিয়ে কিছুদিন ধরেই টালিউডে আলোচনা চলছিল। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করা এই অভিনেত্রী বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সম্প্রতি তার বিয়ের নিমন্ত্রণপত্র সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়ে। এবার বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হলো।

মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিমি চক্রবর্তী। পরে টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর ‘প্রলয়’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশের আলোচিত সিনেমা ‘তুফান’-এও দেখা গেছে তাকে।

অভিনয়জগতের ব্যস্ততার মধ্যেই এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন মিমি। কলকাতার ঘরোয়া আয়োজনের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ের পাহাড়ে বসবে তাদের বিয়ের মূল উৎসব।

সূত্র: সংবাদ প্রতিদিন