পুষ্পা-নায়কের সিনেমার ঘোষণাতেই তোলপাড়

ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে সৃজনশীলতার জন্য অতুলনীয় লোকেশ কনগরাজ। আর পুষ্পাখ্যাত আইকন স্টার আল্লু আর্জুন তো অভিনয়গুণে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। এবার পর্দার সামনের আর পর্দার পেছনের দুই কারিগর একসঙ্গে সিনেমার ঘোষণা দিয়েছেন। আর এতেই শোরগোল সিনেমাপ্রেমীদের মধ্যে।
লোকেশ কনগরাজের ‘লিও’ ও ‘কুলি’ বেশ সাড়া জাগানোর পর থেকেই গুঞ্জন ছিল, আল্লু আর্জুনকে নিয়ে নতুন প্রজেক্টে হাত দেবেন তিনি। এতদিন এসব গুঞ্জনই ছিল। এবার মকর সংক্রান্তির দিন পরিচালক লোকেশ ওই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন। আর এতেই চারদিকে সাড়া পড়ে যায়। মুহূর্তেই আল্লু আর্জুনের সঙ্গে পরিচালকের শেয়ার করা ইনস্টাগ্রামের একটি রিল ভিডিও এক মিলিয়ন ছাড়িয়ে যায়। সূত্র: বলিউড হাঙ্গামা
নতুন সিনেমার নাম এখনো চূড়ান্ত করা হয়নি। আপাতত ‘AA23’ নামেই শুরু হবে এর নির্মাণকাজ। তবে টালিউড ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে আল্লু আর্জুন-লোকেশের নতুন সিমেনার নাম হবে ‘ভোগী: স্ট্রাইভ ফর গ্রেটনেস’। এর প্রযোজনায় থাকবে আল্লুর ব্লকবাস্টার ‘পুষ্পা’র সহযোগী সংস্থা মৈত্রী মুভিজ। সংগীতের দায়িত্বে অনিরুদ্ধ রবিচন্দর। লোকেশের সঙ্গে এ-ই প্রথম কাজ করবেন আল্লু।
‘লিও’, ‘কুলি’র মতো হিট ছবির পরিচালক লোকেশ কনগরাজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা যোগ করো, এটাই আমরা! @alluarjunonline @anirudhofficial @mythriofficial #AA23Theme #AA23 #LK7 এর জন্য ১ লক্ষ রিল।’ পোস্টটি দ্রুত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে, প্রকল্পটিকে ঘিরে গুঞ্জন আরও বাড়িয়ে তোলে। ভিডিও থেকেই জানা যায়, এ বছরই সিনেমার কাজ শুরু হবে।
সিনেমাটির গল্প বা কোন বিষয়ে হবে, তা এখনও গোপন রাখা হয়েছে। নায়িকা কে, বা কারা কারা এতে থাকবেন—সে রহস্য উন্মোচন করেননি পরিচালক। কাস্ট, গল্পের ধরন এবং মুক্তির সময়সূচির পূর্ণাঙ্গ আপডেট আগামী মাসগুলোয় পাওয়া যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজ। এখন থেকেই পর্দায় পুষ্পা-লোকেশ জুটির চমক দেখবে বলে উদ্বেলিত সিনেমাপ্রেমীরা।