logo

আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: আরশাদ আদনান

আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: আরশাদ আদনান
ছবিটি আরশাদ আদনানের ফেসবুক আইডি থেকে সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আরশাদ আদনান। যার হাত ধরে ঢাকাই সিনেমায় নতুন করে সুবাতাস বইতে শুরু করে। বিগ বাজেটের সিনেমা নির্মাণ করে হলে দর্শক ফেরাতে ভূমিকা রাখা এই প্রযোজককে নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ থেকে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

আরশাদ আদনান তার ফেসবুক আইডিতে নিজের বিরুদ্ধে হওয়া মিথ্যাচারের প্রতিবাদ করে কয়েকটি ছবি শেয়ার করেন। তিনি জানান, তাকে নিয়ে ভুয়া ফেসবুক পেজগুলো থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে—তিনি বিএনপির সংস্কৃতি কমিটিতে যোগদান করেছেন।

এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রযোজক আদনান বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করছে। মূলত বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের মিটিং শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ছবি দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এগুলোতে আমি একদমই কান দিই না। তবে মিথ্যা তথ্য ছড়ানোর আগে আমার সঙ্গে কথা বলে নিলে তাদের জন্য ভালো হতো। আমি তাদের সঠিক তথ্যটি জানাতে পারতাম। আমি সিনেমার মানুষ, এটি নিয়েই থাকতে চাই। দেশের সিনেমার উন্নয়নে যা যা করা দরকার, সামর্থ্য অনুযায়ী তাই করে যাব।’

‘প্রিয়তমা’, ‘রাজকুমার’-এর পর আরশাদ আদনান বর্তমানে শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমার কাজ করছেন। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এই ত্রয়ীর এটি তৃতীয় সিনেমা। এছাড়া ‘নসীব’সহ আরও বেশ কিছু সিনেমা প্রযোজনা করছেন তিনি।