Advertisement

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা সরকার

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা সরকার

রাজনীতি ও এলিট সোসাইটির পতিতাবৃত্তি নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’ নামে একটি সিনেমা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। রাজনীতির পাশাপাশি অভিজাতশ্রেণির অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলি’ সিনেমাটিতে। আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে সিনেমাটির মহরত।

এর আগে ২০১৬ সালে ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন মধুমিতা। নাটকে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। এবার ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

মধুমিতাকে নিয়ে কাজ প্রসঙ্গে মো. ইকবাল বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। কয়েক দিনের মধ্যেই সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সম্প্রতি ‘গুলশানের চামেলি’তে চুক্তিবদ্ধ হয়েছেন মধুমিতা সরকার। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটি করার সিদ্ধান্ত নেন। মধুমিতার ভাষ্য, গল্পটি অসাধারণ। চরিত্রটিও আমাকে ভীষণ টেনেছে। কলকাতায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এতটা বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো কাজ করার সুযোগ হয়নি। কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।

এর আগে এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নির্মাতা ইকবাল বলেছিলেন, সিনেমার গল্পে একের পর এক টুইস্ট থাকবে। আব্দুল্লাহ জহির বাবু দারুণভাবে গল্পটি লিখেছেন। এখানে অন্ধকার জগতের গল্প বড় আঙ্গিকে দেখানো হবে। যেহেতু ঈদের সিনেমা। দর্শকরা উৎসবের সময় ভালো গল্পের সিনেমা চান। সিনেমাটি দর্শকের সেই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করি।