Advertisement

লন্ডন চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

এশিয়া পোস্ট বিনোদন
লন্ডন চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে আলোচনায় নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবের পর এবার যুক্ত হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল।

Advertisement

উৎসবটির ৭০তম আসরে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে এবারের লন্ডন চলচ্চিত্র উৎসব। সংবাদমাধ্যম ভ্যারাইটি এ তথ্য জানিয়েছে।

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় এবার মোট ১০টি সিনেমা লড়বে। রুবাইয়াত হোসেনের সিনেমাটির পাশাপাশি তালিকায় রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

এর আগে, বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবগুলোর একটি ভেনিস চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। পরে জায়গা করে নেয় কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হওয়ার নজির গড়ে ছবিটি।

লন্ডন চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের জন্য নতুন ইতিহাস তৈরি করল সিনেমাটি। এর আগে, কোনো বাংলাদেশি সিনেমা এই উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি।

রুবাইয়াত হোসেন জানিয়েছেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে আবর্তিত হয়েছে এর গল্প। কথিত আছে, একসময় এই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন।

সেই রহস্যময় পার্লারে বিয়ের প্রস্তুতির জন্য আসে এক তরুণী। এরপরই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনা। রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় সিনেমার গল্প।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। সিনেমাটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

সিনেমাটি রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

ভেনিস, টরন্টো ও লন্ডন পরপর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইতোমধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

লন্ডন চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’