কেন ‘আম্মাজান’ হননি শাবানা?

১৯৯৯ সালের কাজী হায়াৎ পরিচালিত ও চিত্রনায়ক মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার গান আজও দর্শকের মুখে মুখে। মা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ব্যবসাসফল এই সিনেমাটি যেন আজও দর্শকহৃদয়ে দাগ কেটে আছে। তবে সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে অভিনেত্রী শবনম অভিনয় করলেও পরিচালকের প্রথম পছন্দ ছিলেন চিত্রনায়িকা শাবানা।
সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আম্মাজান হওয়ার কথা ছিল শাবানার। তাকে যখন গল্পটি শোনালাম, গল্পটি শুনে কেঁদে ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে বললেন, আমি সিনেমাটি করব। আগামীকাল এসে শিডিউল নিয়ে যাইয়েন।’
এরপর পরিচালক কাজী হায়াৎ যখন শিডিউল নিতে শাবানার কাছে যান, তখন অভিনেত্রী মানা করে দেন। পরিচালক জানান, তিনি যখন শাবানাকে জিজ্ঞেস করলেন কেন এ চরিত্রে অভিনয় করবেন না?
জবাবে শাবানা বললেন, মূলত, তিনি যে সকল নায়কের বিপরীতে অভিনয় করেন, তারা সকলে সিনেমাটি করতে নিষেধ করেছিলেন। তারা বলেছিলেন, শাবানা যদি মান্নার মা হয়ে যান, তখন তো আর আমাদের নায়িকা থাকবেন না। যার কারণেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান এ সুন্দরী।
পরিচালক আরও বলেন, ‘শাবানা ম্যাডাম অনেক কষ্ট পেয়ে দুঃখের সঙ্গে বলেছিলেন, হায়াৎ ভাই আপনার সিনেমাটি না করতে পারার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি, এটি অনেক ভালো একটি সিনেমা হবে, অনেক নাম করবে। তারপরও সিনেমাটি করতে পারছি না।’
