কখন ও কোথায় হবে কারিনা কায়সারের জানাজা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার শুক্রবার (১৫ মে) সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আজ বিভিন্ন স্থানে তিনটি জানাজার পর আগামীকাল (১৮ মে) চতুর্থ জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় তার লাশ দাফন করা হবে।
কারিনার বাবা কায়সার হামিদ ফেসবুকে এক পোস্টে জানান, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে। পরে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।
কায়সার হামিদ ওই পোস্টে জানাজার বিস্তারিত সময়সূচি জানিয়েছেন। বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে হবে দ্বিতীয় জানাজা।
দ্বিতীয় জানাজা শেষে কারিনার লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাত ১০টায় হবে তৃতীয় জানাজা। আগামীকাল (১৮ মে) শেষ জানাজার পর তার লাশ দাফন করা হবে।
কনটেন্ট ক্রিয়েটর কারিনা লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে কারিনার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা।

