মোশাররফ করিমকে প্রশংসায় ভাসালেন জয়া

বাংলাদেশি দুই গুণী তারকা অভিনয়শিল্পী, শুধু ঢাকাই শোবিজ অঙ্গনেই নয়, ওপার বাংলাতেও জয় করেছেন দর্শকদের মন। বলছি দেশের শোবিজ অঙ্গনের দুই তারকা মোশাররফ করিম ও জয়া আহসানের কথা। একসঙ্গে খুব একটা কাজ না করলেও একে অপরের অভিনয়ে মুগ্ধ তারা। এবার সেই সহশিল্পী মোশাররফ করিমকেই প্রশংসায় ভাসালেন জয়া।
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া। সেখানে তিনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু ওনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, ওনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।’
জয়া আরও বলেন, ‘আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।’
দেড় দশক পেরিয়ে গেলেও এতটুকু ফিকে হয়নি মোশাররফ করিম ও জয়া আহসানের রসায়নের আবেদন। ২০১১ সালের ঈদুল ফিতরে একুশে টিভিতে প্রচারিত ইশতিয়াক আহমেদ রুমেল নির্মিত ‘ঈদের ডায়েরি’ নাটকটি মুক্তির পরপরই তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। নাটকটি আজও ইউটিউবে উপভোগ করছেন দর্শক।