logo
Advertisement

এক দশক পর নতুন রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

এশিয়া পোস্ট বিনোদন
এক দশক পর নতুন রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। নানা জটিলতায় প্রায় এক দশক থমকে থাকার পর নতুন পরিকল্পনায় সিনেমাটির কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় আসার পথে রয়েছে আলোচিত এই অ্যাকশন-থ্রিলার।

Advertisement

অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ এবং টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। শাকিব খানকে ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে দেখার প্রত্যাশায় মুখিয়ে ছিলেন ভক্তরা। তবে নির্মাণের বিভিন্ন পর্যায়ে অভ্যন্তরীণ জটিলতা ও নানা টানাপোড়েনের কারণে একসময় থেমে যায় সিনেমাটির কাজ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সময়ের দর্শকের চাহিদা এবং আধুনিক নির্মাণ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রাখতে সিনেমাটির গল্পে বেশ কিছু পরিবর্তন আনা হবে। মূল গল্পের কাঠামো ঠিক রেখে এতে নতুন কিছু উপাদান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রযোজক, পরিচালক ও শাকিব খান- তিন পক্ষই নতুনভাবে কাজ শুরুর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন।

শুধু গল্পেই নয়, সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে পুরো প্রকল্পের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খানই। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী বছর থেকে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার কথা রয়েছে।

ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘অপারেশন অগ্নিপথ’। সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। নির্মাণে আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহারের পাশাপাশি শাকিব খানকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

নির্মাণ পরিকল্পনা ঠিক থাকলে ২০২৭ সালের ঈদের বাইরের কোনো সুবিধাজনক সময়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। দীর্ঘ অপেক্ষার পর নতুন আঙ্গিকে ‘অপারেশন অগ্নিপথ’ সত্যিই পর্দায় ফিরলে এটি শাকিব-ভক্তদের পাশাপাশি ঢালিউডেও তৈরি করতে পারে নতুন আগ্রহ।

এক দশক পর নতুন রূপে ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’