logo

সালমানকে প্রেমের প্রস্তাব মিষ্টি জান্নাতের

সালমানকে প্রেমের প্রস্তাব মিষ্টি জান্নাতের
মিষ্টি জান্নাত ও সালমান খান

বলিউড ভাইজান সালমান খানকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল মিষ্টি জান্নাত। এশিয়া পোস্টের ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ আড্ডার এক পর্যায়ে সালমান খানকে প্রপোজ করেন তিনি।

‘এপি স্টার’-এ উপস্থাপিকা আরশিয়া আলমের সঙ্গে ব্যক্তিগত খুনসুঁটিতে মেতে ওঠেন ঢালিউড তারকা। এসময় আরশিয়ার অনুরোধে হিন্দিতে বলিউড অভিনেতার উদ্দেশে প্রেমের প্রস্তাব ছুড়ে দেন। পর্দায় নায়কদের সঙ্গে বাস্তবে প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস এই নায়িকা।

মিষ্টি জান্নাত হিন্দিতে সাবলীল না হলেও উপস্থাপিকা তাকে হিন্দিতেই প্রপোজ করতে বলেন। এ সময় মিষ্টি জান্নাত হিন্দিতে সালমান খানকে ভালো মানুষ, স্মার্ট আর ড্যাশিং বলে উল্লেখ করেন। আড্ডার এক পর্যায়ে তিনি বলেন, ‘সালমান, আমি আপনাকে সত্যিকারের ভালোবাসি। আপনাকে আমি অনেক চাই। ধন্যবাদ।’

বলিউড সুপারস্টার সালমান খান ষাট পেরিয়ে গেলেও এখনও বিয়ে করেননি। ঐশ্বরিয়া রাইসহ বিভিন্ন সময় অনেক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও কখনও সেসব সম্পর্ক পরিণয়ে গড়ায়নি।

অভিনেত্রী ও মডেল মিষ্টি জান্নাত বিনোদন ভুবনে পা রেখেই সাফল্যের দেখা পান। পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তবে ইন্ডাস্ট্রিতে তিনি মিষ্টি জান্নাত নামেই পরিচিত। বছরজুড়ে নানা বিষয়ে আলোচনায় থাকেন আলোচিত এই চিত্রনায়িকা।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু মিষ্টি জান্নাতের। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।