শীতে সিদ্ধ ডিম পছন্দ নুসরাত ফারিয়ার

শীত এলেই খাবারের প্রতি বাঙালির আগ্রহ যেন বেড়ে যায়। রাস্তার পাশের ধোঁয়া ওঠা খাবার, ভাপা পিঠা কিংবা পাটিসাপটার ঘ্রাণ- সব মিলিয়ে শীতের দিনগুলোতে খাবারের তালিকায় যোগ হয় নানা আয়োজন। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কাছেও শীত মানেই পছন্দের সব খাবারের স্বাদ নেওয়ার এক বিশেষ সময়। বিশেষ করে রাস্তার সিদ্ধ ডিম খেতে বেশ ভালো লাগে তার।
শীতের খাবারের তালিকায় সিদ্ধ ডিমের পাশাপাশি রয়েছে পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি। এসব খাবারের প্রতি ভালো লাগার কথা জানিয়ে ফারিয়া বলেন, ‘শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।’
তবে পছন্দের খাবারগুলো মন ভরে উপভোগ করতে আপাতত কাজের ব্যস্ততা থেকে একটু সময় বের করার অপেক্ষায় আছেন অভিনেত্রী। কাজের চাপ কমলেই কিছুদিনের জন্য ডায়েটের নিয়মকানুন থেকে বিরতি নিতে চান তিনি। তখন নিজের পছন্দের খাবারগুলো খাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এ প্রসঙ্গে ফারিয়ার ভাষ্য, ‘এখন কাজটা একটু গুছিয়ে শেষ করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেব। তখন মনের আনন্দে এসব খাবার খাব। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।’
শুধু খাবার নয়, শীতের উৎসবমুখর পরিবেশও বেশ উপভোগ করেন নুসরাত ফারিয়া। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে এ সময় চারপাশে যে আনন্দের আবহ তৈরি হয়, সেটিও তার কাছে শীতের অন্যতম আকর্ষণ।
নিজের প্রিয় ঋতু নিয়ে অভিনেত্রী বলেন, ‘বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।’
