logo

জয়ার পছন্দ দই-চানাচুর

জয়ার পছন্দ দই-চানাচুর

কিছুদিন আগেই অভিনেত্রী জয়া আহসানের খাদ্যাভ্যাস নিয়ে অবাক করা তথ্য দিয়েছিলেন ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানান, সবাই মনে করে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী সবসময় কড়া ডায়েট রুটিনের মধ্যে থাকেন। কিন্তু না, যখন যেটি মন চায় জয়া তখন তা-ই খেয়ে থাকেন। এবার নিজের পছন্দের খাবার নিয়ে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলেন। জানালেন, রোজায় কী ধরনের খাবার নিয়মিত তার খাদ্যতালিকায় থাকে।

জয়া আহসান সম্প্রতি দেশে ফিরেছেন। ৬ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায় তার এ বছরের প্রথম সিনেমা ‘ওসিডি’। সৌকর্য ঘোষাল পরিচালিত এ সিনেমাটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। এতে তিনি একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের নাম শ্বেতা। এর প্রচারণার জন্য তাকে কলকাতায় থাকতে হয়। সেখান থেকে ফিরে সরাসরি পরিবারের সঙ্গে ইফতারের টেবিলে দেখা যায় তাকে। যার একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে করলেন ছোট করে একটি ফুড রিভিউ।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার বোনের বাসায় পরিবারের সঙ্গে ইফতার করছেন। এরপর টেবিলের ওপর রাখা খাবারগুলো সম্পর্কে সবাইকে অবগত করে কোন খাবারের কী উপকারিতা, তা ব্যাখ্যা করছেন। সেখান থেকে জয়া তার প্রিয় খাবার সম্পর্কে বলেন, ‘রোজার ইফতারে আমি সবসময় প্রথমে দই খাওয়ার চেষ্টা করি। আজ আমি আমার নিজের হাতে বানানো দই খাচ্ছি। দইয়ের সঙ্গে যে খাবারটি ছোটবেলা থেকে আমার পছন্দ সেটি হচ্ছে দই ও চানাচুর মিক্সড।’ এরপর তাকে বলতে শোনা যায়, এ খাবারটি নিয়ে তার বোনের সঙ্গে ঝগড়াও হতো।

ভিডিওর একদম শেষ দিকে জয়া তার অনুরাগীদের পবিত্র এই মাসের তাৎপর্য নিয়ে বলেন, ‘মাহে রমজান সবার খুব ভালো কাটুক, সংযমে কাটুক। খাবারের সংযম, মনের সংযমসহ মানসিকতাতেও সংযম থাকুক।’

‘ওসিডি’ সিনেমায় জয়া আহসানের  সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া কলকাতার কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।