logo

‘আন্ধার’ এর মুক্তি পিছিয়ে ২৬ মার্চ

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
‘আন্ধার’ এর মুক্তি পিছিয়ে ২৬ মার্চ

দেশের চলচ্চিত্রে বড় পরিসরে নির্মিত হচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। নির্মাণের ঘোষণা থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসছে না সিনেমাটি। ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ আরও ভালোভাবে শেষ করতে মুক্তির তারিখ পিছিয়েছেন নির্মাতা রায়হান রাফি।

আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘আন্ধার’ মুক্তি পাবে আগামী বছরের ২৬ মার্চ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন রায়হান রাফি ও ‘আন্ধার’ টিম। ভিডিওতে রাফির সঙ্গে আরও দেখা যায় সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজনকে।

মুক্তির তারিখ পেছানোর কারণ ব্যাখ্যা করে নির্মাতা বলেন, ‘যে ভিশন নিয়ে সিনেমাটা বানিয়েছি, এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে বানানো কাজ। আমি দর্শকদের এমন কিছু দেখাতে চাই, যা তারা আগে কখনও দেখেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাইলে আগামী ১৬ অক্টোবরেও সিনেমাটি রিলিজ করতে পারতাম। কিন্তু তাতে ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ মানসম্মত হতো না। মানের দিক থেকে দর্শকদের আমি কোনো ধোঁকা দিতে চাই না।’

মুক্তির জন্য ২৬ মার্চকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন রাফি। তার ভাষায়, ‘ঈদে সবার নানা রকম প্রতিশ্রুতির জায়গা থাকে। এ ছাড়া কোরবানির ঈদ অনেক দূরে। আমরা ইতিমধ্যে অক্টোবরের রিলিজ ডেট থেকে সরে এসে একটি কথা ভেঙেছি, আর কোনো ডেট মিস করতে চাই না। তাই সবকিছু ভেবে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসকেই আমরা সিনেমাটি মুক্তির উপযুক্ত সময় মনে করছি।’

‘আন্ধার’-এর মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা এবং রেডিওতে জনপ্রিয় ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির গল্পের ভাবনা এসেছে। চিত্রনাট্য রচনায় তাদের সঙ্গে কাজ করেছেন আদনান আদিব খান।

বড় আয়োজনের এই সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। এর মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন দুই মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, দর্শকদের জন্য ভৌতিক গল্পের পাশাপাশি সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপনেও আলাদা কিছু দেখানোর চেষ্টা করা হচ্ছে। সে কারণেই নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পাঁচ মাস পিছিয়ে নতুন তারিখে মুক্তি পাচ্ছে ‘আন্ধার’।