ঈদে আসছে ‘পিনিক’, তার আগে টিজার

ঈদুল ফিতর সামনে রেখে মুক্তির তালিকায় আবারও উঠে এলো নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমা। এর আগে ২০২৪ সালের রোজার ঈদে এটি মুক্তির কথা থাকলেও অজানা কারণবশত আটকে যায়। এবার বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘পিনিক’। ঘোষণা এসেছে, ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পাবে অফিসিয়াল টিজারও।
‘পিনিক’ সিনেমা নিয়ে নির্মাতা জুয়েল বলেন, ‘পিনিক’ আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়; এটি একটি অনুভূতি, যা আমি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটি এমন একটি গল্প, যা অ্যাকশন, রোমান্স, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক থ্রিল—সবকিছু একসঙ্গে মিশিয়ে তৈরি। এবার সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে, এটাই আনন্দের। আশা করছি, দীর্ঘ এই অপেক্ষা দর্শকদের হতাশ করবে না।’
‘পিনিক’ সিনেমায় আবারও জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এ ছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, শিমুল খান, মাসুম বাশার, সেতু, শরীফ সিরাজ, সীমান্ত, মিতুল, নাফিস আহমেদসহ অনেকে।