যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাননি মাহি-জয়, মুখ খুললেন অভিনেতা

দেশের শোবিজের অনেক তারকাই এখন বিদেশে স্থায়ী হচ্ছেন। ইতোমধ্যে বহু সংগীতশিল্পী, অভিনয়শিল্পী স্থায়ী হয়েছেন উন্নায়নশীল দেশে। সেই কাতারে এবার নাম লেখাতে চেয়েছিলেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরির চেষ্টা করছেন তারা। নাগরিকত্বের জন্য গ্রিন কার্ডের আবেদনও করেছিলেন, কিন্তু ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে তা সম্ভাব হয়নি।
দীর্ঘদিন ধরেই মাহি ও জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেন এই দুই তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে শাহরিয়ার নাজিম জয় বলেন, যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন নীতিতে কঠোর নিয়ম করেছে। এতে আমি যে ফাইল জমা দিয়েছি, তার যাচাই-বাছাই শেষে কিছু বাড়তি তথ্য-উপাত্তের দরকার ছিল। সেসব তথ্য-উপাত্ত এই মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিন কার্ড হয়নি। তবে বিষয়টা এমন নয় যে, আবার আবেদন করা যাবে না। যুক্তরাষ্ট্র সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে, ঠিকঠাক করে আবার গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে।
এদিকে গত বছরের ১৯ জুন একমাত্র ছেলেকে রেখে আমেরিকায় গেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। দীর্ঘ সাত মাস সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি অভিনেত্রী তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যায়, অভিনেতা অমিত হাসানের সঙ্গে নাচছেন অভিনেত্রী শাবনূর। ঢালিউড তারকাদের এ মিলনমেলা বসেছিল আমেরিকায় থিতু হওয়া অভিনেতা কাজী মারুফের বাড়িতে।
এদিকে বিনোদন অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ও কাগজপত্রসংক্রান্ত জটিলতার কারণে বিদেশে স্থায়ী হওয়ার পথ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে। অন্য শিল্পী-তারকারাও তাই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন।
প্রসঙ্গত, গেল দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য বেশ কয়েকজন তারকা, পরিচালক এবং প্রযোজক আবেদন করেছেন। তাদের মধ্যে অনেকে গ্রিন কার্ড হাতে পেয়েছেন। আবার কেউ কেউ ব্যর্থ হয়েছেন।