logo

‘দম’-এর ৫৪ সেকেন্ডের টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রাম

‘দম’-এর ৫৪ সেকেন্ডের টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রাম

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে নতুন সিনেমা দম। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি প্রকাশিত ৫৪ সেকেন্ডের ফার্স্টলুক টিজার। রোববার প্রকাশিত এই টিজারে এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

স্বল্প দৈর্ঘ্যের টিজারজুড়ে ফুটে উঠেছে উদ্বেগ, নির্যাতন ও বেঁচে থাকার মরিয়া সংগ্রামের গল্প। সেখানে দেখা যায়, কোনো এক রহস্যময় ঘটনার পর পাহাড় আর মরুভূমির মতো দুর্গম পরিবেশে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন নিশো। সিনেমাটিতে তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক, চারপাশে বিপদের ঘনঘটা। একপর্যায়ে অস্ত্রধারী একটি দল তাকে আটক করে এবং নির্মম নির্যাতনের শিকার হতে দেখা যায় তাকে।

‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যে

টিজারে ক্লান্ত, রুগণ ও ভীত এক লুকে ধরা দিয়েছেন নিশো। অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ফুটে উঠেছে অনিশ্চয়তা ও আতঙ্ক। একই সঙ্গে বন্দি অবস্থায় দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। টিজারের লোকেশন ও ভিজ্যুয়ালও দর্শকের নজর কেড়েছে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তোলে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ!

টিজারের শেষ মুহূর্তে শোনা যায় একমাত্র সংলাপ, সেটিও নিশোর কণ্ঠে— ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’ সংক্ষিপ্ত এ সংলাপই টিজারজুড়ে তৈরি হওয়া রহস্যকে আরও তীব্র করেছে বলে মনে করছেন দর্শকরা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, আর বাকি অংশের শুটিং হয়েছে বাংলাদেশে।

ছবি: চরকির সৌজন্যে

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম এখন আর শুধু আমাদের সিনেমা নয়, এটি এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। টিজারটি মূল সিনেমার একটি ঝলক মাত্র। দুর্গম লোকেশনে এমন ভিজ্যুয়াল হয়তো বাংলাদেশের সিনেমায় আগে খুব কমই দেখা গেছে।’

অভিনেতা আফরান নিশো বলেন, ‘দম একটি সারভাইভাল স্টোরি এবং খুবই ইমোশনাল গল্প। এমন একটি সিনেমা বানাতেও দম লাগে, যা আমাদের পুরো টিম মিলে দেখিয়েছে। টিজারটি দর্শকদের ভালো লাগছে জেনে আমাদেরও

ভালো লাগছে।’

‘দম’–এর ফার্স্ট লুকে পূজা চেরী। ছবি: চরকির সৌজন্যে
সিনেমাটিতে পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘রানি খুবই দৃঢ় ব্যক্তিত্বের একটি চরিত্র। টিজারে তার লুক মাত্র দেখা গেছে। চরিত্রটির বেশ কয়েকটি স্তর রয়েছে, যা দর্শকরা সিনেমা দেখলেই বুঝতে পারবেন।’

ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এবং চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, গত আড়াই বছর ধরে সিনেমাটি নিয়ে কাজ করা হয়েছে এবং বাংলা সিনেমাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

ছবি: চরকির সৌজন্যে

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে দম। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবিটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।