পূজার সাজে পূজা

কাশফুলের দোলা, নীল আকাশ আর উৎসবের আগমনী আবহ- শরতের প্রকৃতিতে এখনই যেন বাজতে শুরু করেছে দুর্গাপূজার সুর। পুজোর সেই আবহে এবার বাঙালিয়ানার সাজে ধরা দিলেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গা প্রতিমার সামনে শাড়ি পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর থেকেই অনুরাগীদের নজর কেড়েছে তার সাজ ও উপস্থিতি।
ছবিতে অফ-হোয়াইট শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজ পরেছেন পূজা। খুব বেশি জাঁকজমক নয়, বরং সাজের সরলতাতেই ফুটে উঠেছে তার বাঙালিয়ানা। পেছনে দুর্গা প্রতিমার আবহ, আর সামনে পূজার হাসিমুখ- সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
তবে শুধু সাজে নয়, ছবির সঙ্গে দেওয়া বার্তাতেও দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরেছেন পূজা। দেবী দুর্গাকে নারীর শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি- যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’
পূজার এই পোস্টে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। মন্তব্যের ঘরে কেউ তাকে ‘দেবী’ বলে সম্বোধন করেছেন, আবার কেউ ‘জয় মা দুর্গা’ লিখে জানিয়েছেন আগাম শারদীয় শুভেচ্ছা। অনেকেই অভিনেত্রীর সাজ ও ছবির প্রশংসাও করেছেন।
এর আগে কাশফুলের সাদা মায়ায়ও শরতের সৌন্দর্য তুলে ধরেছেন পূজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনের মাঝে ফিরোজা শাড়িতে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। কখনও কাশফুলের ভেতর, কখনো গাছের ছায়ায়- প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই ছবিগুলোতেও ছিল পুজোর আগমনী আবহ। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা- শরৎ যেন নিজেই এক টুকরো পুজোর গল্প!’
শরৎজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তও ভাগ করে নিচ্ছেন পূজা। কখনও শাড়িতে, কখনও প্রকৃতির সান্নিধ্যে তোলা ছবি; আবার কখনো নিজের ভাবনার কথা- সব মিলিয়ে সাম্প্রতিক পোস্টগুলোতে আলাদা এক আবহ তৈরি করেছেন তিনি।
অভিনয়ের ক্ষেত্রেও চলতি বছর আলোচনায় ছিলেন পূজা চেরী। সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটিতে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হন এই অভিনেত্রী।
এদিকে ব্যক্তিজীবন নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছিলেন পূজা। সেপ্টেম্বরে তার বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে খবর ছড়িয়ে পড়লেও পরে নিজেই তা নাকচ করে দেন তিনি। বিয়ের তারিখসহ এ বিষয়ে বিস্তারিত নিজেই সময়মতো জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
তবে সেসব আলোচনা ছাপিয়ে আপাতত পূজার সামাজিক যোগাযোগমাধ্যমে জায়গা করে নিয়েছে শরৎ ও দুর্গাপূজার আগমনী আবহ। কাশফুল, শাড়ি আর দেবী দুর্গাকে ঘিরে তার ভাবনায় যেন উৎসবের আগেই শুরু হয়েছে পুজোর আয়োজন।