Advertisement

‘মাথায় রেখেছিলাম অভিনয় করব না, কিন্তু অভিনয় করব’

‘মাথায় রেখেছিলাম অভিনয় করব না, কিন্তু  অভিনয় করব’

ভারতীয় খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। তার মতো গুণী পরিচালকের কাজ করা যেকোনো শিল্পীর জন্যই স্বপ্নের মতো। আর এই পরিচালকের হাত ধরেই যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিল’-এ অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। ছবিতে তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তসংলগ্ন এলাকার মানুষের সুখ-দুঃখ ও জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘শঙ্খচিল’-এর শুটিং হয়েছিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি এবং বাংলাদেশের বেশ কিছু মনোরম লোকেশনে। ছবিটি মুক্তির পর অভিনেত্রী হিসেবে নতুন করে প্রশংসিত হন কুসুম সিকদার।

সম্প্রতি ‘এপি স্টার’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা ও নিজের অভিনয়জীবন নিয়ে স্মৃতিকাতর হন এই অভিনেত্রী।

শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কুসুম সিকদার বলেন, কাজের শুরুতে আমি গৌতম স্যারকে জিজ্ঞেস করেছিলাম আমার জন্য কোনো বিশেষ পরামর্শ আছে কি না বা চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়। তিনি আমাকে সংক্ষিপ্তভাবে বলেছিলেন— ‘তুমি অভিনয় করো না।’

পরিচালকের সেই মূলমন্ত্র ধরে রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, পুরো শুটিংজুড়ে প্রতিটি শট, সিকোয়েন্স ও মুহূর্তে আমি বিষয়টি মাথায় রেখেছিলাম। আমার ভাবনায় ছিল— আমি অভিনয় করব না, অথচ চরিত্রটি ফুটিয়ে তুলব।

পরিচালকের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার স্মৃতিচারণ করে কুসুম বলেন, শুটিং শেষে আমি স্যারের কাছে জানতে চেয়েছিলাম, আমি কি সঠিকভাবে কাজটা করতে পেরেছি? তিনি শুধু বলেছিলেন, ‘খুব ভালো’। তার মতো গুণী মানুষের মুখ থেকে খুব ভালো শব্দ দুটি শুনতে পাওয়াটাও আমার কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার।

উল্লেখ্য, বিশেষ এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কুসুম সিকদার তার ব্যক্তিগত জীবন ও দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের নানা অজানা গল্প দর্শকের সঙ্গে শেয়ার করেন।