যাদের সবচেয়ে আপন ভাবতাম, তারাই কষ্ট দিয়েছে: শখ

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ খুব ছোটবেলা থেকেই মিডিয়া ভুবনে নাম লিখিয়েছেন। ছোটবেলায় মিডিয়ার সঙ্গে নৃত্যশিল্পী হিসেবে জড়িত থাকার সময়েই ২০০২ সালে নাটকে পদার্পণ। এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশি এই গ্ল্যামার গার্লকে। জীবনে নানা চড়াই-উৎরাই পেরোনো শখের সবচেয়ে বড় শিক্ষা হলো, পৃথিবীতে কেউ কারও আপন না।
ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে হাজির হন এই মডেল-অভিনেত্রী। উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে প্রাণবন্ত এক আড্ডায় ক্যারিয়ারসহ ব্যক্তিগত অনেক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
অভিনয় জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, আবার কষ্টও পেয়েছেন দেদার। অনেক সময় সেলিব্রিটি হিসেবে বিব্রতকর মুহূর্তেও পড়তে হয়েছে আনিকা কবির শখকে।
জীবন থেকে নেওয়া সবচেয়ে বড় শিক্ষা কী—উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী-মডেল কাউকে কখনও বিশ্বাস করলে কষ্ট পেতে হয় বলে জানানা। এ বিষয়ে শখ বলেন, ‘কেউ কারও আপন না। বিশ্বাস করুন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।’
‘বলো না তুমি আমার’ খ্যাত নায়িকা শখ আরও বলেন, ‘যত আপন মানুষই হোক না কেন, কেউই কারও আপন না কখনোই। যাদের আপন ভাবতাম, তাদের কারণেই আমাকে বিরতি নিতে হয়েছিল।’
এ সময় শখ তার উদ্দেশে পরামর্শ দেন—নিজেকে ভালোবাসো, নিজের প্রতি কনফিডেন্স থাকো। আর কখনো কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করো না। এতে কষ্ট পেতে হবে।
একসময়ের তুমুল জনপ্রিয় আনিকা কবির শখ আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বেশ কয়েক বছর ধরেই শোবিজ থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে বছর দুয়েক আগে থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। এরই মধ্যে বেশ কিছু একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও তাকে দেখা গেছে।
