logo
Advertisement

সিনেমার প্রস্তাব ফিরিয়ে ‘বেয়াদব’ শুনলেন রাজ রিপা

এশিয়া পোস্ট বিনোদন
সিনেমার প্রস্তাব ফিরিয়ে ‘বেয়াদব’ শুনলেন রাজ রিপা
রাজ রিপা। ছবি: সংগৃহীত

সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক নাট্যপরিচালকের কাছ থেকে ‘বেয়াদব’ ও ‘অভদ্র’ ধরনের মন্তব্য শুনতে হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী রাজ রিপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে পোস্টে পরিচালকের নাম প্রকাশ করেননি রাজ রিপা।

Advertisement

রাজ রিপার দাবি, সম্প্রতি এক পরিচালক তাকে ফোন করে নিজের ক্যারিয়ার ও একটি সিনেমার গল্প শোনান। প্রায় ১৫ থেকে ২০ মিনিট তাদের মধ্যে কথা হয়। এরপর শুটিংয়ের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি নিজের সময়ের সঙ্গে পরিচালকের শুটিংয়ের সময় মেলানোর বিষয়টি ভাবেন। পরে জানাবেন বলে ফোনটি রেখে দেন।

রাজ রিপা জানান, প্রায় ১০ মিনিট পরই তিনি ওই পরিচালককে ফোন করে দুঃখ প্রকাশ করেন এবং সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না বলে জানান। তার ভাষ্য, শুটিংয়ের সময় মেলানো সম্ভব হবে না মনে হওয়ায় তিনি সিনেমার পারিশ্রমিক নিয়েও কোনো আলোচনা করেননি।

কিন্তু সিনেমাটি না করার কথা জানাতেই ওই পরিচালক তাকে ‘বেয়াদব মেয়ে’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ করেন রাজ রিপা। তার দাবি, সিনেমা না করলে কেন গল্প শুনেছেন- এমন প্রশ্নও করেন ওই পরিচালক। এরপর ফোনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং ফোন কেটে দেওয়ার পর ওই পরিচালক তাকে মেসেজে গালাগাল করেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

পোস্টে রাজ রিপা লেখেন, মাত্র ১৫ থেকে ২০ মিনিট কথা বলে তিনি পরিচালকের কতটুকুই বা সময় নষ্ট করেছেন- এটাই তার প্রশ্ন। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই পরিচালক কথোপকথনের বড় একটি অংশ নিজের পরিচয় ও নাটকের ক্যারিয়ার সম্পর্কে তাকে জানান।

রাজ রিপা আরও বলেন, তিনি এরই মধ্যে চারটি সিনেমায় কাজ করছেন। এর মধ্যে দুটি মুক্তি পেয়েছে এবং আরও দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। নাটকের ক্ষেত্রে ওই পরিচালক তার চেয়ে অনেক সিনিয়র হলেও সিনেমার জগতে তিনি তুলনামূলকভাবে নতুন- এমন মন্তব্যও করেন রাজ রিপা।

অভিনেত্রী তার পোস্টে বাংলাদেশের কয়েকজন চলচ্চিত্র নির্মাতার উদাহরণ টেনে পরিচালকদের ধৈর্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার ভাষ্য, সিনেমা নির্মাণে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন শিল্পীকে কোনো কাজ না করার সিদ্ধান্ত নেওয়ার কারণে ‘বেয়াদব’ বলা উচিত নয়।

পোস্টে রাজ রিপা আরও দাবি করেন, ক্যারিয়ারের শুরুতেই তিনি রায়হান রাফি ও ইফতেখার চৌধুরীর সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন বড় শিল্পীর সঙ্গে সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করেছেন। নিজের পরিচয় প্রতিষ্ঠার জন্য ওই পরিচালকের কাছে তাকে কিছু বলতে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তবে শেষ পর্যন্ত ওই পরিচালকের পরিচয় প্রকাশ করেননি রাজ রিপা। তিনি লিখেছেন, আগের মতো রাগী থাকলে পরিচালকের ‘পুরো পরিচয়’ প্রকাশ করে পোস্ট দিতেন। কিন্তু সিনেমার ক্যারিয়ার সবে শুরু হওয়ায় এবার পরিচয় গোপন রেখেছেন বলেও জানান তিনি।

রাজ রিপা একই সঙ্গে ভবিষ্যতে কোনো শিল্পীকে ‘বেয়াদব’ বলার আগে ভেবে দেখার আহ্বান জানান। তার দাবি, অন্য কোনো অভিনেত্রী হলে হয়তো ওই পরিচালকের সিনেমায় কাজ করাই বন্ধ করে দিতেন।

সিনেমার প্রস্তাব ফিরিয়ে ‘বেয়াদব’ শুনলেন রাজ রিপা