আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান বর্ষা

এশিয়া পোস্ট বিনোদন
আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান বর্ষা
অভিনেত্রী বর্ষা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জ্বরে ভুগেছে বিশ্ব। ফুটবলের মাঠ এখন উত্তপ্ত ভূমি। চলছে বিশ্বকাপের হাইভোল্টেজ জ্বর। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আলোচিত এই ম্যাচটির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।

ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী। তবে মঙ্গলবার (৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে লেখেন, আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।

বর্ষার এই পোস্ট প্রকাশের পরপরই একাংশ নেটিজেন তার অনুভূতির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, মুসলিম দেশ হিসেবে মিসরের প্রতি সমর্থন জানানো তার ব্যক্তিগত মতামত।

অন্যদিকে, অনেক আর্জেন্টিনা সমর্থক প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি নিয়ে। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, খেলাধুলাকে ধর্মের সঙ্গে না জড়ানোই উচিত।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও মতবিনিময়।