সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একাধিকবার বিভিন্ন পদে জয়ী হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। আসছে সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন এই নায়ক। নির্বাচনের বিষয়টি এশিয়া পোস্টকে জানিয়েছেন জয় নিজেই।
জয় চৌধুরী জানান, নির্বাচনের তপশিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে তার প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করা হবে। সভাপতি কে হবেন সেটাও জানানো হবে তখন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী আসছে জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে জয় বলেন, ‘আমাদের প্যানেল চূড়ান্ত হয়েছে। তপশিল ঘোষণার পর পরই আমাদের তারকানির্ভর প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেব। আশা করছি, নির্বাচনে শিল্পীরা প্রতিবারের মতো উৎসবমুখর পরিবেশ ভোট দেবেন।’
সম্প্রতি সাধারণ সম্পাদক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। আসছে নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলেরও অংশ নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।