‘আমার এখনও মনে হয় বাসায় ফিরেই মা বলে কোলে শুয়ে পড়ব’

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আরিফিন শুভ তার মা হারিয়েছেন বছর দু-এক হলো। কিন্তু এখনো মাকে নিয়ে এই নায়কের শোকের নদী শুকায়নি। দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে মাকে মনে পড়ে তার। সামাজিকমাধ্যমে এ নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই নায়ক।
সম্প্রতি নিজের ফেসবুকে শুভ লিখেছেন, কামিনী, কাঠগোলাপ আর বেলি—মায়ের পছন্দের ফুল। ছাদে তার প্রিয় কাঠগোলাপ নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এই গাছটা এখন বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।
এরপর লেখেন, আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব। বলব—‘মা, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু…
সবশেষে মায়ের জন্য দোয়া চেয়ে শুভ লেখেন, মা আল্লাহর কাছে আজ দুই বছর। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।
শুভকে সবশেষ দেখা গেছে ‘নূর’ সিনেমায়। বর্তমানে হাতে রয়েছে বেশ কিছু কাজ। মুক্তির অপেক্ষায় সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। এ ছাড়া তার অভিনীত ভারতীয় ওয়েব কনটেন্ট ‘জ্যাজ সিটি’ও আছে মুক্তির অপেক্ষায়।