সিয়াটল চলচ্চিত্র উৎসবে সুমনের ‘রইদ’

মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ‘হাওয়া’ ছবির সাফল্যের চার বছর পর তিনি ফিরছেন নতুন এই কাজ নিয়ে। ‘রইদ’ এর পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর সিনেমাটি ইতোমধ্যেই দেশের দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
জানা গেছে, ‘রইদ’ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আগামী ১৫ মে বিকেল ৫টা ৩০মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) ও ১৬ মে দুপুর ২টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) ছবিটি দেখানো হবে উৎসবে।
২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’ এর ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা পায় ট্রেলারটি। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নেয় সিনেমাটি। এর আগে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’–এ অফিশিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’।
ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
দেশের প্রেক্ষাগৃহে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।