ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন আজ। বিশেষ এই দিনটি শুরু হয়েছে ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে কেক কাটার মধ্য দিয়ে। মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছে জয়।
জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটে জয়। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ পরে মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সে লেখে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’
এর আগে জন্মদিনের আগাম বার্তা দিয়েও ভক্তদের নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। কেক হাতে ধারণ করা সাদাকালো একটি ভিডিও প্রকাশ করে অপু লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’ জন্মদিন ঘিরে তার ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানাচ্ছেন।
ঢালিউডে দুই দশকের বেশি সময়ের পথচলায় বেশকিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। বিশেষ করে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
অপুর চলচ্চিত্রে অভিষেক হয় আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ২০০৬ সালে। ওই বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেললে রাতারাতি পরিচিতি বেড়ে যায় অপুর।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘কাবিননামা’, ‘পিতার আসন’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘জান আমার জান’, ‘মাই নেম ইজ খান’ ও ‘রাজনীতি’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
শাকিব খানের সঙ্গে অপুর জুটি দীর্ঘদিন ধরে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই জুটি প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন বলে প্রচলিত রয়েছে। শাকিবের পাশাপাশি মান্না, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, ইমন, কাজী মারুফ ও নীরবের সঙ্গেও পর্দায় জুটি বেঁধেছেন অপু।
শাকিব খানের সঙ্গে পর্দার রসায়ন একসময় বাস্তব জীবনেও সম্পর্কের রূপ নেয়। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন তারা। তবে দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন অপু। একই সঙ্গে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের বিষয়টিও সামনে আসে। পরবর্তী সময়ে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় শাকিব ও অপুর।
ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে আলোচনায় থাকলেও অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি ধরে রেখেছেন অপু বিশ্বাস। তারকাখ্যাতির পাশাপাশি দর্শকদের সঙ্গে তার সম্পর্কের অন্যতম বড় জায়গা জুড়ে রয়েছে শাকিব খানের সঙ্গে করা সিনেমাগুলো।
অভিনয়জীবনে উল্লেখযোগ্য কোনো বড় পুরস্কার না পেলেও দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে চলচ্চিত্রে তার কাজের ধরন ও উপস্থিতিতে পরিবর্তন এসেছে। বর্তমানে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা ও পরিবার নিয়েও ব্যস্ত সময় কাটছে তার।